Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ জুলাই ২০২৬

দুবাইয়ে নকল স্বর্ণ বার বিক্রি, ৯ জন দোষী সাব্যস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:১৮

দুবাইয়ে নকল স্বর্ণ বার বিক্রি, ৯ জন দোষী সাব্যস্ত

বাহরাইন

বাহরাইনে যত্রতত্র সিলিন্ডার, সরাতে বলল কর্তৃপক্ষ

বাহরাইনের মুহাররাক গভর্নরেট কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের গ্যাস সিলিন্ডারের বিষয়ে সতর্ক করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ির বাইরে ফুটপাত, রাস্তা বা সরকারি জায়গায় গ্যাস সিলিন্ডার রাখা অবৈধ এবং বিপজ্জনক। গ্যাস সিলিন্ডার অবশ্যই বাড়ির ভেতরে নির্ধারিত ও নিরাপদ স্থানে রাখতে হবে। রাস্তা ও ফুটপাত মানুষের চলাচলের জন্য তৈরি, গ্যাস সিলিন্ডার বা গৃহস্থালির জিনিস রাখার জন্য নয়। কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের ব্যবহার বাহরাইনের পাবলিক রোডস অকুপেশন আইন লঙ্ঘন করে। বাড়ির বাইরে রাখা গ্যাস সিলিন্ডার পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে, যানবাহনের গতি কমাতে পারে এবং আবাসিক এলাকার সৌন্দর্য নষ্ট করে। পাশাপাশি সিলিন্ডার আঘাত, ক্ষতি বা অন্য কারো হস্তক্ষেপের ঝুঁকিতে থাকে। সবচেয়ে বড় বিষয় হলো, জরুরি পরিস্থিতিতে এসব সিলিন্ডার অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রবেশে বাধা দিতে পারে। মুহাররাক গভর্নরেট সতর্ক করেছে, নিয়ম না মানলে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে নিরাপদভাবে গ্যাস সিলিন্ডার যথাযথ স্থানে রাখা, পাবলিক প্লেস ব্যবহারের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে নকল স্বর্ণ বার বিক্রি, ৯ জন দোষী সাব্যস্ত

দুবাইয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণ বিক্রির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছে আমিরাতের একটি আদালত। সেই সাথে  আদালত ওই ৯ জন দোষী সাব্যস্ত প্রতারককে একটি কোম্পানির কাছ থেকে নেওয়া ২৫ লাখ দিরহাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকার সমান। ঘটনার শুরু হয় যখন প্রতারক চক্রটি একটি কোম্পানিকে আটটি ভুয়া স্বর্ণের বার কিনতে উৎসাহিত করে। তারা জাল পরিদর্শন সনদ, আসল স্বর্ণের সঙ্গে মিল থাকা একটি নমুনা এবং কূটনৈতিক নম্বরপ্লেট ব্যবহার করা একটি গাড়ি দেখিয়ে কোম্পানির কর্মকর্তাদের বিশ্বাস অর্জন করে। এরপর ২২ ক্যারেটের স্বর্ণের বার হিসেবে প্রতিটি ৮ কেজি ওজনের আটটি বার নগদ ২৫ লাখ দিরহামে বিক্রি করা হয় তাদের কাছে। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে, ওই বারগুলো আসলে স্বর্ণ নয়। এগুলো ছিল রুপার তৈরি, যার ওপর শুধু পাতলা স্বর্ণের আস্তরণ দেওয়া হয়েছিল। দুবাই আদালত অভিযুক্তদের প্রতারণার অপরাধে দোষী সাব্যস্ত করে পুরো ২৫ লাখ দিরহাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে আরো ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকা, পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া বড় অঙ্কের লেনদেন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এই ঘটনা তার আরেকটি বড় উদাহরণ।


সৌদি আরব

সৌদির জেদ্দা কনস্যুলেটের প্রবাসী বাংলাদেশিদের প্রতি সতর্কবার্তা

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের শৃঙ্খলা বজায় রেখে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে। কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সেবাপ্রার্থী ও দালালচক্রের কারণে কনস্যুলেট চত্বরে বিশৃঙ্খলা, উচ্চস্বরে কথা বলা, ধূমপান, ময়লা ফেলা, যানবাহন অব্যবস্থাপনা এবং স্থানীয় আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মকাণ্ডের কারণে কনস্যুলেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে কনস্যুলেটের কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে, যার প্রভাব পড়বে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রাপ্তির ওপর। এ অবস্থায় কনস্যুলেট সেবা নিতে আসা সবাইকে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও স্থানীয় আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে দালালদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব প্রবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। 


কুয়েত

কুয়েতে সাহেল অ্যাপে নতুন সুবিধা চালু

কুয়েতের সাহেল অ্যাপ প্রবাসীদের জন্য নতুন সুবিধা চালু করেছে।এখন থেকে কুয়েতে থাকা প্রবাসীরা অফিসে না গিয়েই সাহেল অ্যাপের মাধ্যমে অনলাইনে রেসিডেন্ট পারমিট প্রুফ সার্টিফিকেট বা রেসিডেন্সি প্রমাণের সনদ ডাউনলোড করতে পারবেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নতুন এই ইলেকট্রনিক সেবার মাধ্যমে বৈধ রেসিডেন্সির প্রমাণপত্র প্রয়োজন হলে প্রবাসীরা দ্রুত এবং সহজে তা সংগ্রহ করতে পারবেন। এই সেবার ফলে সময় ও পরিশ্রম দুটিই কমবে। কুয়েত সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক ও প্রবাসীদের জন্য প্রক্রিয়া আরো সহজ করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই সাহেল প্ল্যাটফর্মে নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে রেসিডেন্সি প্রমাণের সার্টিফিকেট পেতে দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন নেই, সাহেল অ্যাপ ব্যবহার করেই ঘরে বসে পাওয়া যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট। কুয়েতে থাকা বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

Logo