সৌদি আরবের মন্ত্রিসভা দেশের সব ধরনের ভিসা সেবা সমন্বয় করার জন্য একটি জাতীয় ভিসা প্ল্যাটফর্ম অনুমোদন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্ল্যাটফর্ম হবে রাজ্যের সরকারি ভিসা সেবা কেন্দ্র। ৭ জুলাই জেদ্দায় প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভা হাঙ্গেরি, কাজাখস্তান ও পোল্যান্ডের সঙ্গে কূটনৈতিক, সার্ভিস ও বিশেষ পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের চুক্তিও অনুমোদন করেছে। এর ফলে এসব দেশের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
সৌদি আরব সম্প্রতি জাতিসংঘের সন্ত্রাসবিরোধী সপ্তাহে অংশগ্রহণ করেছে। সেখানে দেশটি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা, এর মূল শিকড় নির্মূল এবং অর্থায়ন বন্ধে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সৌদি নেতৃত্বে গৃহীত নারীদের সাইবার নিরাপত্তায় ক্ষমতায়ন বিষয়ক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
মন্ত্রিসভা জানিয়েছে, সৌদি আরবের ২০২৬ সালের আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্সে বিশ্বে প্রথম স্থান অর্জন দেশের ডিজিটাল অবকাঠামো ও নিয়ন্ত্রক পরিবেশের ধারাবাহিক উন্নয়নকে প্রতিফলিত করে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সবচেয়ে বড় ডিজিটাল অর্থনীতি হিসেবে সৌদি আরবের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে।
দেশের অভ্যন্তরীণ খাতে মন্ত্রিসভা বিভিন্ন কৌশলগত খাতের পারফরম্যান্স সূচক পর্যালোচনা করেছে। অলাভজনক খাতের প্রবৃদ্ধি প্রশংসা করা হয়েছে, যেখানে ২০২৫ সালের শেষে সংগঠনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২০০ এবং স্বেচ্ছাসেবীর সংখ্যা পৌঁছেছে ১৭ লাখে।
মন্ত্রিসভা আরো কয়েকটি সমঝোতা স্মারক অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে সামাজিক উন্নয়ন, তুরস্কের সঙ্গে বিচার বিভাগ, স্পেনের সঙ্গে আধুনিক পরিবহন ব্যবস্থা এবং ওমানের সঙ্গে জাদুঘর খাতে সহযোগিতা।
logo-1-1740906910.png)