Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ জুলাই ২০২৬

সৌদিতে গ্রীষ্মে ভ্রমণে সতর্কতা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৫:৩২

সৌদিতে গ্রীষ্মে ভ্রমণে সতর্কতা জারি

বাহরাইন

বাহরাইনে অনলাইনে প্রতারণা, পুলিশের সতর্কবার্তা 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বাসিন্দাদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতিদিনই ট্রাফিক জরিমানা, কুরিয়ার চার্জ বা অন্যান্য সরকারি ফি পরিশোধের নামে ভুয়া এসএমএস ছড়ানো হচ্ছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এখন প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া নিউজ ভিডিও তৈরি করছে। সেখানে পরিচিত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। কিন্তু এসব বিনিয়োগের কোনো বাস্তব অস্তিত্ব নেই। উদ্দেশ্য একটাই, মানুষের অর্থ হাতিয়ে নেওয়া। হিদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ড. ওসামা বাহার জানিয়েছেন, প্রতারকরা এখনো বিভিন্ন কৌশলে বাসিন্দাদের টার্গেট করছে। বারবার সতর্ক করার পরও অনেক মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের ভুয়া অ্যাকাউন্ট দেখে বিভিন্ন পণ্যের জন্য অগ্রিম টাকা পাঠাচ্ছেন। এসব প্রতারণার মধ্যে রয়েছে কনসার্টের টিকিট, আবায়া, সুইমিং পুল ভাড়া, গাড়ি বুকিং, কাস্টমাইজড আসবাবপত্র এবং ক্যাম্পিং টেন্টের নামে অগ্রিম টাকা নেওয়া। পরে ক্রেতারা কোনো পণ্য বা সেবা পান না। কর্নেল ওসামা বাহার আরো বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও দেখে কখনোই টাকা পাঠানো উচিত নয়। প্রয়োজন হলে বিক্রেতার পরিচয় সরাসরি যাচাই করতে হবে অথবা ফোনে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।

সৌদি আরব

সৌদিতে গ্রীষ্মে ভ্রমণে সতর্কতা জারি 

সৌদি আরবে গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশ ভ্রমণকারীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে। গরমের এই সময়ে ভ্রমণ বেড়ে যাওয়ার কারণে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে সৌদি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। বর্তমানে বিভিন্ন দেশে হান্টা ভাইরাস, ইবোলা, ইয়েলো ফিভার এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। তাই কর্তৃপক্ষ ভ্রমণকারীদের বিদেশে যাওয়ার আগে গন্তব্য দেশের স্বাস্থ্য পরিস্থিতি, সরকারি স্বাস্থ্য নির্দেশনা এবং প্রবেশের শর্ত যাচাই করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যেসব দেশে বাধ্যতামূলক, সেখানে ইয়েলো ফিভারের টিকা নিয়ে এবং টিকার সনদ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ ভ্রমণকারীদের অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, বন্যপ্রাণী ও ইঁদুর থেকে দূরে থাকা এবং রোগের প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি গন্তব্য দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। ভ্রমণের সময় বা সৌদি ফিরে জ্বর, অসুস্থতা বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে এবং চিকিৎসককে ভ্রমণের ইতিহাস ও সম্ভাব্য সংস্পর্শের তথ্য জানাতে বলা হয়েছে।

কুয়েত

কুয়েতে ধ্বংসাবশেষের ছবি শেয়ার না করতে সতর্কবার্তা 

কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড দেশটির নাগরিক ও বাসিন্দাদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা জারি করেছে। সাম্প্রতিক প্রতিরক্ষা অভিযানে আকাশে ভূপাতিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেসব স্থানের কাছাকাছি না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এসব ধ্বংসাবশেষ বা ধাতব টুকরো স্পর্শ করা কিংবা সংগ্রহের চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই এমন কিছু দেখতে পেলে নিরাপদ দূরত্বে থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও কঠোরভাবে অনুরোধ করেছে কুয়েতের সেনাবাহিনী। তাদের মতে, এ ধরনের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়লে তা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কুয়েতের সামরিক বাহিনী আরো বলেছে, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং তথ্যের জন্য শুধু সরকারি ও অনুমোদিত সূত্রের ওপর নির্ভর করতে হবে।

ওমান

ওমানে ট্রাক চুরির অভিযোগে দুই এশিয়ান আটক 

ছোটখাটো জিনিস নয়, একেবারে বিশাল ট্রাক ট্রেলার চুরির ঘটনা ধরা পড়েছে ওমানে। ওমানের আল বুরাইমি গভর্নরেট পুলিশ ট্রাকের এই ট্রেইলার চুরির অভিযোগে দুই এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বিশাল এই ট্রাক ট্রেইলারটি আল বুরাইমি গভর্নরেট থেকে চুরি করা হয়। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা চুরি করা ট্রেইলারটি পরে মাসকাট গভর্নরেটে নিয়ে যায়। সেখানে ট্রেইলারটির পরিচয় গোপন করার উদ্দেশ্যে এর বিভিন্ন বৈশিষ্ট্য ও কাঠামো পরিবর্তনের কাজ শুরু করা হয়েছিল।আল বুরাইমি পুলিশ তদন্ত চালিয়ে ট্রেইলারটির অবস্থান শনাক্ত করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ও সম্পত্তি-সংক্রান্ত অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। ফলে চুরির বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।

কাতার

কাতারে হাই সিকিউরিটি অ্যালার্ট ঘোষণা 

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ‘উচ্চ নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করেছে। এক জরুরি ঘোষণায় নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।গালফ টাইমসের খবরে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে। জানালা, বারান্দা এবং খোলা জায়গা থেকে দূরে থাকতে। এই নির্দেশনা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, সবাইকে শান্ত থাকতে হবে এবং শুধু সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করতে হবে। গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

Logo