মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ জুলাই ২০২৬
বাহরাইনে বাজল সাইরেন, জরুরি সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:০২
বাহরাইন
বাহরাইনে বাজল সাইরেন, জরুরি সতর্কতা জারি
হরমুজে সৌদি ও কাতারি জাহাজে হামলার ঘটনার রেশ ধরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ৮ জুলাই সকালে বাহরাইনে বাজানো হয় সাইরেন। নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের খবরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীর ৮৫টি লক্ষ্য বস্তুতে আক্রমণ চালিয়েছে। যদিও নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে তা যাচাই করা যায়নি। এছাড়া বাহরাইনের কোথাও কোনো হামলার ঘটনা জানা যায়নি। তবে বাহরাইনের কিছু এলাকায় কারেন্ট ছিল না, যা পরে স্বাভাবিক হয়। বাহরাইনের সরকারি সূত্রগুলো অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়া, গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়ে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ৮০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে। এর জবাবেই ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এ ঘটনার পরেই বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জরুরি সতর্কতা হিসেবে এয়ার রেইড সাইরেন বাজানো হয়েছে। এর মাধ্যমে দেশটির কর্তৃপক্ষ সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাইরেন শোনামাত্র নাগরিক ও প্রবাসীদের শান্ত থেকে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।
কুয়েত
কুয়েতে ড্রোন-ক্ষেপণাস্ত্রের হামলা, আকাশেই প্রতিহতের দাবি
কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। আর এ কারণে সকালে কুয়েতে একাধিক বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে আক্রমণ প্রতিহতের কারণে হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ইরানের হামলার আশঙ্কায় কুয়েতে ৮ জুলাই সকালে বেজে উঠে সাইরেন। নিরাপত্তার স্বার্থে দুই দেশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। তবে কুয়েতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে দেশটির অনেক এলাকায় কারেন্ট না থাকার বিষয়টি পরে স্বাভাবিক অবস্থাব ফিরে আসে। ইরান হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। এতে করে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
সৌদি আরব
হরমুজে সৌদি জাহাজে হামলা, ইরানকে দায়ী করেছে সৌদি
হরমুজ প্রণালীতে সৌদি মালিকানাধীন ওয়াদিয়ান এবং কাতারি এলএনজি জাহাজ আল রেকায়াতের ওপর ইরানের কথিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি সরকার ঘটনাটিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিতকারী সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে হামলার সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে দায়ী করেছে রিয়াদ। সৌদির পাশাপাশি কাতারও একই বিবৃতি দিয়ে এই আক্রমণের নিন্দা জানিয়েছে। এই হামলার পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ। নতুন করে হরমুজের ঘটনায় মধ্যপ্রাচ্যে ইরান-মার্কিন সম্পর্ক আবারো তিক্ত হয়ে উঠেছে। এর জেরে নতুন করে যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ওমান
ওমানে তার চুরির অভিযোগে চারজন আটক
ওমানের আল উস্তা গভর্নরেটে একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির অভিযোগে এক নারীসহ চার এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পুলিশের অয়েল অ্যান্ড গ্যাস ইনস্টলেশনস সিকিউরিটি পুলিশ কমান্ড জানিয়েছে, অভিযুক্তরা তেল ও গ্যাস কনসেশন এলাকায় পরিচালিত একটি কোম্পানির বৈদ্যুতিক তার চুরি করে অবৈধভাবে বিক্রির পরিকল্পনা করেছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে চুরির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে চারজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে নতুন এক জালিয়াত চক্র সম্পর্কে সতর্কতা
আমিরাতের ভুয়া কনজ্যুমার প্রটেকশন ওয়েবসাইট ও লিংকের মাধ্যমে প্রতারণার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে দুবাই পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারকরা সরকারি ভোক্তা সুরক্ষা সংস্থার নামে নকল ওয়েবসাইট তৈরি করে মানুষের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নিচ্ছে। অনেকেই অনলাইনে অভিযোগ জানাতে গিয়ে ভুলবশত এসব ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করেন। পরে প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে ভুক্তভোগীদের একটি রিমোট অ্যাকসেস অ্যাপ ডাউনলোড করতে বলে। অ্যাপটি ইনস্টল করার পর তারা মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নেয়। দুবাই পুলিশ বাসিন্দাদের শুধু সরকারি ওয়েবসাইট ব্যবহার, সন্দেহজনক লিংকে ক্লিক না করা, অপরিচিত অ্যাপ ডাউনলোড না করা এবং কোনো অবস্থাতেই ব্যাংকিং তথ্য বা ওটিপি (OTP) কারো সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত দুবাই পুলিশের ই-ক্রাইম প্ল্যাটফর্ম বা ৯০১ এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)