সৌদি আরবে ভ্রমণ সহজ করতে প্যাকেজ ভিসা পাইলট চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২৫
সৌদি আরব ভ্রমণকে আরো সহজ ও আকর্ষণীয় করতে দেশটি চালু করেছে প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প। অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবা প্রদানকারীদের মাধ্যমে নির্বাচিত বাজারে এই উদ্যোগ কার্যকর করা হয়েছে।
সৌদি গেজেট বলছে, নতুন এই ভিসা ব্যবস্থায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের অংশ হিসেবে পর্যটন ভিসা পাবেন। এতে রাউন্ড-ট্রিপ ফ্লাইট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন একসাথে অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি ভ্রমণ অভিজ্ঞতা বাড়াতে বিভিন্ন ইভেন্ট ও কার্যক্রমও যুক্ত করা যাবে।
পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেছেন, “সৌদি আরবের পর্যটনের গল্প সবসময়ই উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা ও অগ্রগতির। প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা ভ্রমণকারীদের জন্য আরো সহজ ও স্মার্ট অভিজ্ঞতা তৈরি করছি।”
এই উদ্যোগ সৌদি আরবের পর্যটন সংস্কারের ধারাবাহিক অংশ। এর আগে চালু হয়েছিল ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা। এসব উদ্যোগের ফলে ২০২৫ সালে দেশটিতে ২৯ মিলিয়নের বেশি আন্তর্জাতিক পর্যটক এসেছে।
পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ ভিসা ভ্রমণকারীদের প্রশাসনিক ঝামেলা কমাবে এবং সেবা প্রদানকারীদের জন্য উচ্চমূল্যের ভ্রমণ পরিকল্পনা তৈরি সহজ করবে। এর ফলে পর্যটকরা দীর্ঘ সময় অবস্থান করবেন এবং ব্যয় বাড়বে।
সেবা মান নিশ্চিত করতে কেবল সেসব ভ্রমণ সংস্থাই অংশ নিতে পারবে যারা কঠোর যোগ্যতা পূরণ করবে। এর মধ্যে রয়েছে ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টা প্রযুক্তিগত সহায়তা এবং গ্রাহক সেবা কেন্দ্র।
সৌদি আরবের পর্যটন খাত ইতোমধ্যেই রেকর্ড গড়ছে। ২০২৫ সালে দেশটিতে মোট ১২৩ মিলিয়ন পর্যটক এসেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। পর্যটন খাতে ব্যয় দাঁড়িয়েছে ৩০৪ বিলিয়ন সৌদি রিয়াল, যা জিডিপির প্রায় ৪.৯ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যটকরা ১৭৬.৬ বিলিয়ন রিয়াল ব্যয় করেছেন, আর দেশীয় পর্যটকরা ব্যয় করেছেন ১২৭.১ বিলিয়ন রিয়াল। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে অ-ধর্মীয় ভ্রমণ মোট আন্তর্জাতিক রাত্রীযাপন ভ্রমণের ৫২ শতাংশ ছিল, যা ২০১৯ সালে ছিল ৪৪ শতাংশ।
পর্যটন শিল্পে কর্মসংস্থানও বেড়েছে। ২০২৫ সালে প্রায় ১০.৩ লাখ মানুষ এই খাতে কাজ করেছেন, যার মধ্যে সৌদি নারীর সংখ্যা প্রায় ৪৭ শতাংশ, ২০১৮ সালের মাত্র ৫ শতাংশ থেকে এটি উল্লেখযোগ্য বৃদ্ধি।
logo-1-1740906910.png)