মাদক ও মদ মামলায় চার প্রবাসীকে বহিষ্কার করল কুয়েত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৪
কুয়েতে মাদক ও মদ রাখার অভিযোগে চারজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা তিনটি ভিন্ন দেশের নাগরিক। ফারওয়ানিয়া ও আল-মুতলা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ফারওয়ানিয়ায় দুইজনকে গ্রেপ্তার করা হয়, যাদের কাছে স্থানীয়ভাবে তৈরি সাত বোতল মদ পাওয়া যায়। অন্যদিকে আল-মুতলায় আরও দুইজনকে আটক করা হয়, যাদের কাছে দুটি প্যাকেটে গাঁজা ছিল। তদন্তে প্রমাণিত হয়েছে, তারা মাদক ও মদের ব্যবহারকারী, ব্যবসায়ী নয়। তাই তাদের বিরুদ্ধে মামলা না করে সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চারজনকে জেনারেল ডিপার্টমেন্ট ফর ড্রাগ কন্ট্রোলে পাঠানো হয়। সেখানকার তদন্তে নিশ্চিত হওয়া যায়, তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক ও মদ রেখেছিল। এ কারণে তাদের নাম কুয়েতের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হবে এবং ভবিষ্যতে তারা আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
তবে নিরাপত্তা সূত্র বলছে, এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কারো কাছে মাদক বা মদ পাওয়া যায় এবং তা ব্যবসার উদ্দেশ্যে রাখা হয়, তবে তাকে আদালতে পাঠানো হবে। সে ক্ষেত্রে কুয়েতি আইনে কঠোর শাস্তি দেওয়া হবে, যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তকরণ।
কুয়েতি আইন অনুযায়ী, মাদক ও মদ সংক্রান্ত অপরাধ অত্যন্ত গুরুতর। দেশটিতে মাদক ব্যবসা ও প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তবে ব্যক্তিগত ব্যবহারের অভিযোগে ধরা পড়া প্রবাসীদের সাধারণত বহিষ্কার করে দেশে ফেরত পাঠানো হয়।
logo-1-1740906910.png)