Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ জুলাই ২০২৬

বাহরাইনের হীদে হতে যাচ্ছে নতুন ওয়াটার প্ল্যান্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৫:২৮

বাহরাইনের হীদে হতে যাচ্ছে নতুন ওয়াটার প্ল্যান্ট

বাহরাইন

বাহরাইনের হীদে হতে যাচ্ছে নতুন ওয়াটার প্ল্যান্ট

বাহরাইনের হীদ এলাকায় নতুন ডিস্যালিনেশন প্ল্যান্ট নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে। যে প্ল্যান্ট থেকে প্রতিদিন ৬ কোটি ইম্পেরিয়াল গ্যালন বিশুদ্ধ পানীয় পানি উৎপাদন করতে পারবে। সরকার জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে দেশের বাড়তে থাকা পানির চাহিদা মেটানো এবং ভবিষ্যতে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা হবে। প্ল্যান্টটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের পানিকে বিশুদ্ধ করে পানীয় উপযোগী করা হবে। এই ওয়াটার প্ল্যান্টের বিদ্যুৎ খরচ এবং পানি বিশুদ্ধকরণ খরচ অনেক কম হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের ACWA Power কোম্পানি প্রকল্পটি বাস্তবায়নের জন্য একমাত্র দরদাতা হিসেবে এই প্ল্যান্ট নির্মাণে অংশ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মাঝামাঝি সময়ে প্ল্যান্টটি চালু হবে। সরকার আশা করছে, এটি চালু হলে বাহরাইনে নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ আরো শক্তিশালী হবে এবং দেশের পানি অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌদি আরব

সৌদিতে এ সপ্তাহে ধূলিঝড়ের পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত ধুলাবালিবাহী প্রবল বাতাস ও ধূলিঝড়ের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (NCM)। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা সড়ক ও মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে রিয়াদ, পূর্বাঞ্চল, মক্কা, মদিনা, কাসিম, হাইল, আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, তাবুক ও নাজরানের কিছু এলাকায় এই আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৪৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং ধুলাবালির কারণে খোলা জায়গায় চলাফেরা কঠিন হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে গাড়ি চালানোর সময় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল, প্রয়োজনে হেডলাইট ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নাগরিক ও প্রবাসীদের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

কুয়েত

কুয়েতে জোরদার ট্রাফিক অভিযান

কুয়েতে মাত্র ৪৮ ঘণ্টার বিশেষ ট্রাফিক অভিযানে ৪ হাজার ৬২৯টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করেছে দেশটির জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট। শুক্রবার ও শনিবার দেশটির ছয়টি গভর্নরেটজুড়ে পরিচালিত এ অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০ জন প্রবাসীকেও আটক করা হয়েছে, যাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তারা কোন কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। অভিযানে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সিটবেল্ট ব্যবহার না করা এবং হাসপাতাল এলাকায় অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ে। অভিযানে ৭৪টি যানবাহন জব্দ করা হয়েছে, সাতজনকে আটক করা হয়েছে এবং তিন কুয়েতি নাগরিককে জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। কেবল সিটবেল্ট না বাঁধার কারণে ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, বেআইনি পার্কিংয়ের জন্য ২২৩ জন ড্রাইভারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে জব্দের তালিকায় থাকা আরো ছয়টি গাড়ি উদ্ধার করা হয়েছে। 

ওমান

ওমানে তাপমাত্রা চড়েছে ৫০ ডিগ্রিতে

ওমানে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাহাউত এলাকায়, যেখানে পারদ উঠেছিল ৫০.৪ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দেশের সবচেয়ে শীতল স্থান ছিল জাবাল শামস, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। দেশটির সিভিল এভিয়েশন অথরিটি প্রকাশিত মাসিক আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, বারকা, দামা, আল তাইয়িন ও ফাহুদ এলাকায়ও সর্বোচ্চ ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে। একই সময়ে ধোফারের ধালকুত এলাকায় সবচেয়ে বেশি ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জুন মাসে ওমানের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশের বেশির ভাগ এলাকায় তীব্র গরম থাকলেও ধোফার ও পার্বত্য অঞ্চলে তুলনামূলক শীতল আবহাওয়া ছিল, সেই সাথে বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের পর্যাপ্ত পানি পান, দুপুর ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে অপ্রয়োজনীয়ভাবে রোদে না থাকা এবং বাইরে কাজ করলে নিয়মিত বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে তীব্র গরমজনিত অসুস্থতা এড়ানো যায়।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতের বাজারে আসছে নতুন খেজুর

সংযুক্ত আরব আমিরাতে এ বছরের নতুন খেজুর সংগ্রহের মৌসুম শুরু হয়েছ। দেশটিতে এখন প্রায় ১৫০ ধরনের খেজুর উৎপাদন হয়, যা দেশটিকে বিশ্বের অন্যতম বড় খেজুর উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খেজুর গাছ দেশের কৃষি ঐতিহ্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, খেজুর গাছ আমিরাতের কৃষি ঐতিহ্য, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। আমিরাতে জনপ্রিয় খেজুরের মধ্যে আছে খালাস, ফার্দ, বারহি, সুক্কারি, খানেজি এবং আরো অনেক জাত, যেগুলো স্বাদ ও মানের জন্য খুবই পরিচিত এবং আন্তর্জাতিক বাজারেও এসব খেজুরের চাহিদা অনেক বেশি। খেজুর গাছকে ক্ষতিকর রেড পাম উইভিল পোকার আক্রমণ থেকে রক্ষা করতে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নিয়মিত প্রতিরোধমূলক কর্মসূচি পরিচালনা করছে, যাতে উৎপাদন বাড়ানো এবং দেশের কৃষি ঐতিহ্য সংরক্ষণ করা যায়।। এছাড়া খেজুর গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে সরকার নিয়মিত কাজ করছে, যাতে উৎপাদন ঠিক থাকে এবং কৃষি খাত আরো শক্তিশালী হয়।

Logo