মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ জুলাই ২০২৬
সৌদিতে এক সপ্তাহে আটক ১৫ হাজার বিদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:৩০
বাহরাইন
বাহরাইনে দাম নিয়ে কারসাজি, বন্ধ হলো দোকান
বাহরাইনে মূল্য তালিকা নিয়ে কারসাজির অভিযোগে একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির রাজধানী গভর্নরেটে নিয়মিত বাজার তদারকির সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘন করে কয়েকটি খাদ্যপণ্যের দাম বাড়িয়েছে। এছাড়া অনেক পণ্যে মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন না করা এবং তাকের মূল্য ও বিলের মূল্যের মধ্যে অমিলের মতো ভোক্তা সুরক্ষা আইনের আরো কয়েকটি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানটি প্রশাসনিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ থাকলে তা সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে জানানোর আহ্বান জানানো হয়েছে।
কুয়েত
কুয়েতে ঠিকানা জালিয়াতি, একজনের পাঁচ বছরের জেল
কুয়েতে প্রবাসীদের ঠিকানা পরিবর্তনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের এক কর্মচারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ফৌজদারি আদালত। আদালত জানিয়েছে, ওই কর্মচারী ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি পদমর্যাদার অপব্যবহার করে ঘুষের বিনিময়ে একাধিক প্রবাসীর আবাসিক ঠিকানা সরকারি ডাটাবেজে অবৈধভাবে পরিবর্তন করেন এবং সরকারি ও ইলেকট্রনিক নথি জাল করেন। একই মামলায় এক দালাল ও তিন প্রবাসীকেও তিন বছর চার মাসের কারাদণ্ড এবং ঘুষের অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হয়েছে। সাজা শেষে ওই তিন প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছে আদালত। যদিও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে আরো ১৩ জন অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া জাল নথি ও অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন জব্দের নির্দেশও দিয়েছে আদালত।
সৌদি আরব
সৌদিতে এক সপ্তাহে আটক ১৫ হাজার বিদেশি
সৌদি আরবে মাত্র এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ৫৯১ জনকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েন। একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬২৯ জন এবং অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ৫৮ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে প্রবেশকারী বা আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দেওয়ার অভিযোগে আরো ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৭ হাজার ৪৪৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে এবং এরই মধ্যে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে মহাসড়কে ড্রাইভিং নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা
দুবাইয়ের জেবেল আলি রোডে তিনটি বাস ও একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত লেনে হঠাৎ থেমে গেলে পেছন থেকে আসা দুটি বাস ও একটি গাড়ি সেটিকে এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। দুবাই পুলিশ জানিয়েছে, চলন্ত সড়কে গাড়ি বিকল, জ্বালানি শেষ বা টায়ার নষ্ট হলেও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে রাখা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের অপরাধে ১ হাজার দিরহাম জরিমানা, ছয়টি ব্ল্যাক পয়েন্ট এবং যান চলাচলে বাধা সৃষ্টি করলে অতিরিক্ত ৫০০ দিরহাম জরিমানার বিধান রয়েছে। চালকদের গাড়ি বিকল হলে হ্যাজার্ড লাইট জ্বালানো, সতর্কীকরণ ত্রিভুজ স্থাপন, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ওমান
ওমানে গাড়ির গ্লাস টিন্টিং নিয়ে নতুন নির্দেশনা
ওমানে ব্যক্তিগত গাড়ির জানালায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টিন্ট বা (কালো ফিল্ম) ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের গাড়ির সামনে উইন্ডশিল্ডে কোনো ধরনের টিন্ট ব্যবহার করা যাবে না। তবে পাশের ও পেছনের জানালায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টিন্ট করা বৈধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া কারখানায় তৈরি টিন্টেড গ্লাসযুক্ত যানবাহনও নিবন্ধনের অনুমতি পাবে, যদি সেই কাচে অন্তত ৩০ শতাংশ আলো প্রবেশ করতে পারে। রয়্যাল ওমান পুলিশ আরো জানিয়েছে, ট্রাফিক আইন অনুযায়ী নির্ধারিত সীমার বেশি টিন্ট ব্যবহার করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো যানবাহন মালিকদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা বজায় রাখা, চালকের দৃষ্টিসীমা ঠিক রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করা। তাই সব গাড়ির মালিককে নির্ধারিত নিয়ম মেনে টিন্ট ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)