Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অনলাইন প্রতারণার দায়ে প্রবাসীর সাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৬:১৭

বাহরাইনে অনলাইন প্রতারণার দায়ে প্রবাসীর সাজা

বাহরাইনে অনলাইন প্রতারণার অভিযোগে তিন এশীয় প্রবাসীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আপিল আদালত। সেই সাথে আদালত তাদের প্রত্যেককে ৩ হাজার বাহরাইনি দিনার জরিমানা করেছে, পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় আসামির বিরুদ্ধে অতিরিক্ত জরিমানাও আরোপ করা হয়েছে।

সাজা শেষ হওয়ার পর তাদের স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কার করা হবে। সাজা প্রাপ্তরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানানো হয়নি। আদালত প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশ দিয়েছে। তদন্তে আরো জানা গেছে, অভিযুক্তরা ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে মানুষকে নকল পেমেন্ট লিংকে প্রবেশ করতে প্রলুব্ধ করত।

ভুক্তভোগীরা সেখানে ব্যাংকের তথ্য দেওয়ার পর তাদের অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই টাকা তুলে নেওয়া হতো। এই প্রতারণায় ক্ষতির পরিমাণ ১ হাজার ৮০০ বাহরাইনি দিনারেরও বেশি। তদন্তকারী সংস্থার মতে, এরা সবাই সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের অংশ ছিল। চুরি করা অর্থ দিয়ে বাহরাইনের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন কেনা হয়েছিল, যার সূত্র ধরেই পুরো চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে অপরিচিত কোনো লিংকে ক্লিক করা বা ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে এ ধরনের প্রতারণার শিকার না হতে হয়। অনলাইন প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 

Logo