Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ জুলাই ২০২৬

সৌদির উপকূলে মাছ ধরার সময় বাংলাদেশি গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৫:৪৪

সৌদির উপকূলে মাছ ধরার সময় বাংলাদেশি গ্রেপ্তার

বাহরাইন

বাহরাইনের পথেঘাটে বসানো হচ্ছে আরো এআই ট্রাফিক ক্যামেরা 

বাহরাইনের সড়ক-মহাসড়কে বসছে আরো এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ক্যামেরা। নতুন এই স্মার্ট ক্যামেরাগুলো শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি তুলবে না, বরং দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্ত করে তা প্রতিরোধে ভূমিকা রাখবে। এআইচালিত এই ক্যামেরাগুলো মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, সিটবেল্ট না বাঁধা, অতিরিক্ত গতি, লাল বাতি অমান্য করা, হঠাৎ লেন পরিবর্তন, জরুরি লেন বা ফুটপাত ব্যবহার করে ওভারটেক করা, উল্টো পথে গাড়ি চালানো, নিষিদ্ধ ইউ-টার্ন, ট্রাফিক সাইন অমান্য করা, ডান পাশে চলার নিয়ম না মানা এবং সামনের আসনে শিশু বসানোর মতো বিভিন্ন ট্রাফিক অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। কোনো অপরাধ ধরা পড়লে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিশ্লেষণ করে ছবি ও প্রমাণ প্রস্তুত করবে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই করে জরিমানা অনুমোদন বা বাতিল করবেন। এছাড়া ভুল জরিমানার বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি এবং অন্যান্য ট্রাফিক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত এই আধুনিক ব্যবস্থা বাহরাইনে সড়ক নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বাস্তবতায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের আরো সতর্ক থাকা প্রয়োজন। 


সৌদি আরব

সৌদির উপকূলে মাছ ধরার সময় বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের আল-লাইথ উপকূলে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। অভিযানে একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক সম্পদ সুরক্ষার জন্য নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া মাছ ধরছিলেন। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সৌদির আইনে অনুমোদিত এলাকায় পারমিট ছাড়া মাছ ধরলে ১০ হাজার রিয়াল থেকে ১ লাখ রিয়াল জরিমানা হতে পারে। আর নিষিদ্ধ এলাকায় মাছ ধরলে ২ লাখ রিয়াল জরিমানা হতে পারে। বারবার একই অপরাধ করলে দেশটি থেকে বহিষ্কারও হতে পারেন যে কোনো প্রবাসী। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের পরিবেশ ও মৎস্যসম্পদ সংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ফলে সৌদিতে সমুদ্র উপকূলে মাছ ধরার বিষয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশিদের। 


কুয়েত

কুয়েতে ২৭ হাজার প্রবাসী চাকরি বদলেছেন

কুয়েতে প্রবাসী শ্রমিকদের এক খাত থেকে অন্য খাতে কাজ পরিবর্তনের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা শেষ হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, গত ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই বিশেষ কর্মসূচির আওতায় মোট ২৭ হাজার ১৪১ জন প্রবাসী কর্মী সফলভাবে নতুন খাতে কাজের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ হাজার ৪৮ জন কর্মী ছোট ও মাঝারি শিল্প খাতে যোগ দিয়েছেন। এছাড়া কৃষি খাতে ৪ হাজার ৪৬০ জন, শিল্প খাতে ৩ হাজার ৩০০ জন, পশুপালন খাতে ৩ হাজার ৮৭ জন এবং মৎস্য খাতে ২৪৬ জন কর্মী স্থানান্তরিত হয়েছেন। কুয়েত সরকার জানিয়েছে, শ্রমবাজারের চাহিদা পূরণ, বিভিন্ন খাতে জনবল সংকট দূর করা। কর্মীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ায় এখন আর এই বিশেষ সুবিধার আওতায় নতুন করে খাত পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ দেশের শ্রমবাজারকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে মসজিদে অবৈধ পার্কিং করলে গুনতে হবে জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মসজিদের পার্কিং এলাকায় অবৈধভাবে গাড়ি পার্ক করা নিয়ে চালকদের কঠোর সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে নামাজের সময় নির্ধারিত পার্কিং স্থান ছাড়া, রাস্তার পাশে, ফুটপাত, প্রবেশ ও বের হওয়ার পথ কিংবা জরুরি যানবাহনের চলাচলের জায়গায় গাড়ি রাখলে মোটা অঙ্কের জরিমানা এবং ট্রাফিক আইন অনুযায়ী অন্যান্য শাস্তির মুখোমুখি হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ পার্কিং শুধু যানজটই সৃষ্টি করে না, বরং জরুরি সেবা, পথচারী এবং মুসল্লিদের চলাচলেও বড় ধরনের বাধা সৃষ্টি করে। তাই নামাজের সময় চালকদের নির্ধারিত পার্কিং স্থান ব্যবহার করতে এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আবুধাবিজুড়ে নজরদারি ও পরিদর্শন আরো জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, সবার সহযোগিতা থাকলে মসজিদ এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকবে এবং মুসল্লিরা নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন।

Logo