Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসী শ্রমবাজারে ভারতীয়রা শীর্ষে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫৭

কুয়েতে প্রবাসী শ্রমবাজারে ভারতীয়রা শীর্ষে

কুয়েতে ২০২৫ সালে ভারতীয় নাগরিকরা সবচেয়ে বড় প্রবাসী শ্রমশক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে। সর্বশেষ লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ভারতীয় কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯০০ জন। ডিসেম্বর শেষে কুয়েতের মোট শ্রমবাজারে কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৪ হাজারের বেশি।

২০২৪ সালের তুলনায় কর্মসংস্থান বেড়েছে প্রায় ৯৭ হাজার ৪০০ জন, যা বার্ষিক প্রবৃদ্ধি হিসেবে ৩.৩ শতাংশ। কুয়েতি নাগরিকদের সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ২০০ জন, যাদের প্রায় ৭৬ শতাংশই সরকারি খাতে কর্মরত। ফলে সরকারি খাতই কুয়েতিদের প্রধান নিয়োগকর্তা হিসেবে অবস্থান ধরে রেখেছে।

প্রবাসী কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৩০ হাজারে। তবে মোট কর্মসংস্থানে তাদের অংশীদারিত্ব সামান্য কমে ৬৫.৯ শতাংশে দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ৬৬.৭ শতাংশ।

কুয়েতের সবচেয়ে বড় নিয়োগকর্তা হলো বেসরকারি খাত। এখানে কর্মরত রয়েছেন প্রায় ১৭ লাখ ৯০ হাজার জন, যা মোট শ্রমবাজারের ৫৮.৮ শতাংশ। গৃহস্থালি খাতে কর্মরত রয়েছেন ২৫.৪ শতাংশ এবং সরকারি প্রতিষ্ঠানে ১৫.৮ শতাংশ। বেসরকারি খাতে কুয়েতি নাগরিকদের অংশীদারিত্ব মাত্র ৪.১ শতাংশ, যা প্রবাসী শ্রমশক্তির ওপর নির্ভরশীলতার প্রমাণ।

কুয়েতি নারীরা পুরুষদের তুলনায় কর্মসংস্থানে এগিয়ে। মোট ২ লাখ ৫১ হাজার নারী কর্মী রয়েছে, যেখানে পুরুষ কর্মীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার। শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি; শিক্ষা মন্ত্রণালয়ে ৭৭ শতাংশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬৩ শতাংশের বেশি। অন্যদিকে তেল, পরিবহন ও বিদ্যুৎ খাতে পুরুষ কর্মীর আধিপত্য রয়েছে।

কুয়েতি কর্মীদের অর্ধেকের বেশি বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা উচ্চতর যোগ্যতা অর্জন করেছেন। বিপরীতে প্রবাসী কর্মীদের মধ্যে এ হার মাত্র ১৪.৬ শতাংশ। সরকারি মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন প্রায় ৩ লাখ ৬৭ হাজার জন, যার মধ্যে ২ লাখ ৭৮ হাজার কুয়েতি এবং ৮৯ হাজার প্রবাসী।

ভারতীয়রা কুয়েতের শ্রমবাজারে সবচেয়ে বড় অংশীদার, মোট শ্রমশক্তির ২৫.৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে মিসরীয়রা, যাদের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার। এরপর রয়েছে বাংলাদেশ, নেপাল, সিরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও জর্ডান।

গৃহস্থালি খাতে কর্মরত রয়েছেন ৭ লাখ ৭৩ হাজারের বেশি শ্রমিক, যা মোট শ্রমবাজারের প্রায় ৩০ শতাংশ। এ খাতে নারীদের অংশগ্রহণ ৫৬.৮ শতাংশ। ভারতীয়রা এখানে সবচেয়ে বড় অংশীদার, সংখ্যা ৩ লাখ ১০ হাজারের বেশি। এরপর রয়েছে শ্রীলঙ্কান ও ফিলিপিনো কর্মীরা।

Logo