আবুধাবিতে এক ড্রাইভারের ৭০ হাজার দিরহাম জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২৩:১৫
কয়েক সেকেন্ডের বেপরোয়া ড্রাইভিং, আর তার খেসারত ৬ মাসের জেল, ৭০ হাজার দিরহাম জরিমানা, সঙ্গে এক বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত। এমন ঘটনা ঘটেছে ২৯ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির চালক ব্যস্ত সড়কে বারবার বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করছেন।
কখনো ডানে, কখনো বাঁয়ে- উচ্চগতিতে এভাবে গাড়ি চালানোর কারণে অন্য যানবাহনও ঝুঁকির মুখে পড়ে। ভিডিওটি নজরে আসার পরই তদন্ত শুরু করে পুলিশ। পরে চালককে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তোলা হয়। আদালত রায়ে ওই চালককে ৬ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি ৭০ হাজার দিরহাম জরিমানা করা হয়।
শুধু তাই নয়, এক বছরের জন্য তার ড্রাইভিং লাইসেন্সও স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সড়কে এ ধরনের বেপরোয়া আচরণ শুধু আইন ভঙ্গ নয়, এটি মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে। তাই জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দেশটি।
logo-1-1740906910.png)