Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ জুলাই ২০২৬

ইকামা নবায়নের সময় বাড়াল সৌদি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৫:৩৫

ইকামা নবায়নের সময় বাড়াল সৌদি সরকার

বাহরাইন

বাহরাইনে পুলিশের ভিডিও করায় প্রবাসী গ্রেপ্তার

বাহরাইনে নিরাপত্তা চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগে ২৯ বছর বয়সী এক এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি নিরাপত্তা ও প্রচলিত আইন লঙ্ঘনের আওতায় তদন্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর অভিযুক্তকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় অনুমতি ছাড়া ভিডিও ধারণ বা তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই সবাইকে দেশের প্রচলিত আইন মেনে চলার এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তবে সে কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। দেশটিতে আছেন এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হব।

সৌদি আরব 

ইকামা নবায়নের সময় বাড়াল সৌদি সরকার

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশটিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বা ইকামা সংশোধন ও নবায়নের জন্য বিশেষ সময়সীমা ঘোষণা করেছে। সরকারি সার্কুলারে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ ইকামা সংশোধন ও নবায়ন করা যাবে।

এই উদ্যোগের মাধ্যমে যেসব প্রতিষ্ঠানের কর্মীদের ইকামা মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত শর্ত পূরণ করে পারমিট নবায়ন বা সংশোধনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় বলছে, এর উদ্দেশ্য হলো শ্রমবাজারে নিয়ম মেনে চলা নিশ্চিত করা, কর্মীদের আইনি অবস্থান ঠিক রাখা এবং প্রতিষ্ঠানগুলোকে আইনগত জটিলতা থেকে বেরিয়ে আসার সুযোগ দেওয়া।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে নিয়োগকর্তারা তাদের কর্মীদের নথিপত্র বৈধ করতে পারবেন এবং ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক সেবা গ্রহণেও কোনো সমস্যা হবে না। তবে সময়সীমা শেষ হওয়ার পর যেসব প্রতিষ্ঠান নিয়ম মেনে ওয়ার্ক পারমিট নবায়ন বা সংশোধন করবে না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সংশ্লিষ্ট সব নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানকে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

কুয়েত

কুয়েতে ৪৬৪ প্রবাসীর ঠিকানা বাতিল, হালনাগাদ না করলে জরিমানা

কুয়েত সরকার প্রবাসীদের আবাসিক ঠিকানা হালনাগাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি ৪৬৪ জন প্রবাসীর ঠিকানা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে ঠিকানা হালনাগাদ না করলে নিয়োগকর্তাদের ১০০ কুয়েতি দিনার জরিমানা দিতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। যেসব প্রবাসীর ঠিকানা তিন মাসের বেশি সময় ধরে হালনাগাদ হয়নি, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। এতে চাকরি ও বসবাসের বৈধতা ঝুঁকির মুখে পড়তে পারে। কুয়েত সরকার বলছে, অনেক প্রবাসী ঠিকানা পরিবর্তন করলেও তা সরকারি রেকর্ডে হালনাগাদ করেন না। এর ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এবার সরকার কঠোর অবস্থান নিয়েছে, যাতে প্রবাসীদের তথ্য সঠিকভাবে সংরক্ষিত থাকে। নতুন নিয়ম অনুযায়ী, বৈধ ইকামা থাকা সত্ত্বেও ঠিকানা হালনাগাদ না করলে প্রবাসীরা নানা সমস্যায় পড়বেন। নিয়োগকর্তাদের ওপরও জরিমানা চাপবে।

তাই প্রবাসীদের দ্রুত নিজেদের ঠিকানা হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে। ঠিকানা বাতিলের ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ঠিকানা হালনাগাদ না করলে চাকরি হারানোর পাশাপাশি দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও তৈরি হতে পারে। কুয়েত সরকার জানিয়েছে, সময়সীমার মধ্যে ঠিকানা হালনাগাদ না করলে প্রবাসীদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে বৈধ ইকামা থাকলে কিছুটা সময় পাওয়া যাবে। কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিনের কম হলে একসঙ্গে ইকামা ও ঠিকানা নবায়ন করতে হবে।

সংযুক্ত আরব আমিরাত

আবুধাবিতে এক ড্রাইভারের ৭০ হাজার দিরহাম জরিমানা

কয়েক সেকেন্ডের বেপরোয়া ড্রাইভিং, আর তার খেসারত ৬ মাসের জেল, ৭০ হাজার দিরহাম জরিমানা, সঙ্গে এক বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত। এমন ঘটনা ঘটেছে ২৯ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির চালক ব্যস্ত সড়কে বারবার বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করছেন।

কখনো ডানে, কখনো বাঁয়ে- উচ্চগতিতে এভাবে গাড়ি চালানোর কারণে অন্য যানবাহনও ঝুঁকির মুখে পড়ে। ভিডিওটি নজরে আসার পরই তদন্ত শুরু করে পুলিশ। পরে চালককে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তোলা হয়। আদালত রায়ে ওই চালককে ৬ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি ৭০ হাজার দিরহাম জরিমানা করা হয়।

শুধু তাই নয়, এক বছরের জন্য তার ড্রাইভিং লাইসেন্সও স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সড়কে এ ধরনের বেপরোয়া আচরণ শুধু আইন ভঙ্গ নয়, এটি মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে। তাই জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দেশটি।

ওমান

ওমানে গোল্ডের দাম কমেছে ২৭%

ওমানে গোল্ডের দামে খানিকটা স্বস্তি ফিরেছে। চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এখন দেশটির বাজারে সেই মূল্যবান ধাতুর দাম প্রায় ২৭ শতাংশ পর্যন্ত কমেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গোল্ডের দামের ওঠানামা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাবেই এই মূল্যহ্রাস দেখা যাচ্ছে।

ফলে যারা বিয়ে, বিনিয়োগ বা ব্যক্তিগত ব্যবহারের জন্য গোল্ড কেনার পরিকল্পনা করছেন,তাদের জন্য এটি কিছুটা সুবিধাজনক সময় হতে পারে। তবে জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কমলেও চাহিদা এখনো স্থিতিশীল রয়েছে এবং অনেক ক্রেতা ভবিষ্যতে দাম আরো কমতে পারে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করছেন। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে গোল্ডের দামের পরিবর্তনের সঙ্গে ওমানের বাজারও সরাসরি সম্পর্কিত। তাই বৈশ্বিক অর্থনীতি, ডলারের মূল্য এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে গোল্ডের দাম আবারো বাড়তে বা কমতে পারে।

তাই যারা এতে বিনিয়োগ করতে চান, তাদের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Logo