মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ জুন ২০২৬
বাহরাইনে অগ্নিকাণ্ডের ঝুঁকি, সতর্ক করল ফায়ার সার্ভিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ২০:৪৪
বাহরাইন
বাহরাইনে অগ্নিকাণ্ডের ঝুঁকি, সতর্ক করল ফায়ার সার্ভিস
বাহরাইনে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনা গ্রীষ্মকালে বাড়তে থাকা আগুন লাগার ঝুঁকির বিষয়টি আবারো সামনে নিয়ে এসেছে। তীব্র গরম ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এ সময় আগুন লাগার ঝুঁকি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বলে সতর্ক করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে ঘর, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সব সময় অগ্নি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং বৈদ্যুতিক সংযোগে অতিরিক্ত চাপ বা ওভারলোড দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কোথাও আগুন লাগা বা অন্য কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত সংশ্লিষ্ট জরুরি সেবায় খবর দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতে, সামান্য সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপ অনেক বড় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি থেকে রক্ষা করতে পারে। তাই নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবার, বাড়িঘর এবং আশপাশের পুরো সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে সবাইকে আরো বেশি সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে কমছে ফিউল প্রাইস, গাড়ি চালকদের স্বস্তি
সংযুক্ত আরব আমিরাতে আগামী জুলাই মাসের জন্য পেট্রোলের দাম প্রায় ১৪ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। টানা চার মাস মূল্যবৃদ্ধির পর গাড়িচালকদের জন্য যা বড় স্বস্তির খবর হয়ে এসেছে। নতুন দামে পেট্রোলের মূল্য প্রতি লিটারে প্রায় ৫৫ ফিলস পর্যন্ত কমবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে আরো বেশি তেল সরবরাহের প্রত্যাশার কারণেই এই মূল্যহ্রাস করা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার কারণে দেশটিতে জ্বালানির দাম ৬০ শতাংশেরও বেশি বেড়েছিল। ফলে অনেক বাসিন্দার মাসিক জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হওয়ায় ব্যক্তিগত গাড়িচালক, ট্যাক্সিচালক এবং পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব
সৌদিতে ভুয়া ওয়েবসাইট নিয়ে জালিয়াতি, সতর্কতা
সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় সাধারণ মানুষের জন্য নতুন সতর্কতা জারি করেছে। কিছু ভুয়া ওয়েবসাইট ও ব্যক্তি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভুয়া লিংক ছড়িয়ে তারা নিজেদের সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছে এবং ভোক্তাদের অভিযোগ গ্রহণের নাম করে বিভ্রান্ত করছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এসব ওয়েবসাইট বা ব্যক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং এগুলো সম্পূর্ণ অনুমোদনহীন। জনগণকে এসব ভুয়া চ্যানেল ব্যবহার না করে কেবল সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমেই অভিযোগ ও তথ্য প্রদান করতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় আরো সতর্ক করেছে যে তারা কখনোই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড বা OTP কোড চায় না এবং এসব সংবেদনশীল তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এমন প্রতারণামূলক ওয়েবসাইট পর্যবেক্ষণ ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে, যাতে অনলাইনে মানুষকে বিভ্রান্ত করে অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা প্রতিহত করা যায়।
ওমান
ওমানে ঘুষের বিরুদ্ধে সতর্কতা, নতুন আইন কার্যকর
ওমান সরকার নতুন পেনাল কোড সংশোধনীর মাধ্যমে দেশটিতে বেসরকারি খাতে ঘুষ গ্রহণ ও দেওয়ার বিরুদ্ধে শাস্তি আরো কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন শুধু সরকারি নয়, বেসরকারি খাতের যে কোনো ঘুষ লেনদেনকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা বাড়ানো, দুর্নীতি কমানো এবং ব্যবসায়িক পরিবেশকে আরো ন্যায্য ও নিরাপদ করা। নতুন সংশোধনীতে ঘুষের মাধ্যমে সুবিধা নেওয়া বা দেওয়ার প্রমাণ পাওয়া গেলে কারাদণ্ড, অর্থদণ্ড এবং পেশাগত নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সরকার আরো বলেছে, এ ধরনের আইন কার্যকর করার মাধ্যমে বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং বেসরকারি খাতে জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
কুয়েত
কুয়েতে মদ্যপ এশিয়ান ডেলিভারি ড্রাইভার আটক
কুয়েতে এক ডেলিভারি ড্রাইভারকে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। ফারওয়ানিয়া গভর্নরেটে এশিয়ান ডেলিভারি ড্রাইভার মদ্যপ অবস্থায় কাজ করছিলেন বলে অভিযোগ জানায় ডেলিভারি কোম্পানির কর্মকর্তারা। সে ডেলিভারির কাজ করতে থাকলেও সে ১ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারছিল না। মদ্যপ থাকায় সে অন্য কর্মীদের কাজেও সমস্যা করছিল। পরে ডেলিভারি কোম্পানির লোকজন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে জানায়। অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সী সেই ডেলিভারি ড্রাইভার অতিরিক্ত মাত্রার মাদকাসক্ত হয়ে পড়েছিল। ফারওয়ানিয়া সিকিউরিটি কমান্ড জানিয়েছে, ডেলিভারি ড্রাইভারটিকে কুয়েত থেকে বহিষ্কার করতে ডিপোরটেশন বিভাগে পাঠানো হয়েছে। এশিয়ান বলা হলেও সে কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
logo-1-1740906910.png)