Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:২৩

সৌদি আরবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।

কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ থাকবে, তাদের নাম নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। অর্থাৎ বৈধ পারমিট ছাড়া কাজ করানো হলে সেই সময়ের সব বকেয়া আর্থিক দায় ও ফি নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

তবে একটি ব্যতিক্রমী নিয়মও ঘোষণা করা হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তার ইকামা (বাসস্থান অনুমতি) এখনো কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তবে তাকে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে না। কিন্তু ইকামার মেয়াদ যদি ১৮০ দিনের কম থাকে, তবে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।

কিওয়া আরো জানিয়েছে, যেসব কর্মী তিন মাসের বেশি সময় ধরে বৈধ পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ কারণে নিয়োগকর্তাদের দ্রুত বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সৌদি প্রশাসনের এই নির্দেশনা প্রবাসী কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করলে শুধু কর্মীর চাকরি ঝুঁকিতে পড়বে না, নিয়োগকর্তাকেও অতিরিক্ত জরিমানা ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হবে।

Logo