Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ জুন ২০২৬

বাহরাইনে ইরানের হামলা, বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:১৩

বাহরাইনে ইরানের হামলা, বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি

বাহরাইন

বাহরাইনে ইরানের হামলা, বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি 

বাহরাইনে ইরানের হামলায় একটি আবাসিক বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির মুহাররাক গভর্নরেটে বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির ইন্টেরিয়র মিনিস্ট্রি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার বিস্তারিত তদন্তও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাহরাইন দেশটিতে ইরানের নতুন করে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বারবার সংঘটিত আগ্রাসন। এ ঘটনায় বাহরাইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে হামলা বন্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এসব হামলা শুধু বাহরাইনের জন্য নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্যও হুমকি। তাই উপসাগরীয় জিসিসির সদস্য দেশগুলোর ঐক্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাহরাইন স্পষ্ট করে জানিয়েছে, তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার রয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

বিভিন্ন দেশের জন্য আমিরাতের ভিসা সুবিধা ঘোষণা 

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরো সহজ করতে ৭০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ এবং ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা চালু করা রয়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী, কিছু দেশের নাগরিকরা কোনো আগাম ভিসা ছাড়াই সরাসরি আমিরাতে প্রবেশ করতে পারবেন, আবার কিছু দেশের নাগরিকরা বিমানবন্দরে পৌঁছেই ৩০, ৬০ বা ৯০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাবেন, যা নির্দিষ্ট শর্তে নবায়নও করা যাবে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত আরো ছয়টি দেশ ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকাকে এই সুবিধার আওতায় যুক্ত করেছে। ফলে এসব দেশের যোগ্য ভ্রমণকারীরা এখন আরো সহজে আমিরাতে প্রবেশ করতে পারবেন। যদিও কয়েকটি অন-অ্যারাইভাল সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু দেশের রেসিডেন্স পারমিট থাকতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণের আগে অবশ্যই নিজের দেশের জন্য প্রযোজ্য ভিসা নীতি, পাসপোর্টের মেয়াদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত। কারণ সুবিধার ধরন নাগরিকত্ব ও ভ্রমণকারীর যোগ্যতার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ এই ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল তালিকায় নেই, তাই বাংলাদেশি নাগরিকদের আগের নিয়ম অনুযায়ী ভিসা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে হবে।


কুয়েত

কুয়েতে রুমমেটের হাতে এক এশিয়ান প্রবাসীর মৃত্যু 

কুয়েতের জলিব আল-শুয়ুখ এলাকায় এক এশীয় প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে একটি বাসায় দুই প্রবাসীর মধ্যে তীব্র বিরোধের একপর্যায়ে ৪০ বছর বয়সী এক এশীয় প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই বাসায় থাকা আরেক রুমমেটকে হামলার চেষ্টা করা হলেও তিনি কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে পাবলিক প্রসিকিউশন অভিযুক্তকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে আটক রেখে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে এশিয়ান হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। 


সৌদি আরব

সৌদিতে এক সপ্তাহে বহু প্রবাসী আটক ও বহিষ্কার 

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, কাজ এবং সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত এক সপ্তাহের যৌথ অভিযানে ১৫ হাজার ২৩১ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৫৮৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ১৯৯ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হন। অভিযান শেষে ১১ হাজার ২৯৭ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৫ হাজার ১০৯ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ৬১৮ জনের ভ্রমণ বুকিং সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। একই সময়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৭৬৩ জন এবং দেশ ছাড়ার চেষ্টা করার সময় ৫৩ জন আটক হয়েছেন। আরো ২২ জনকে অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন বা চাকরি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি অবৈধদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।


ওমান

ওমানে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার পরিধি বাড়ল 

পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে ওমান। দেশটির পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধের পঞ্চম ধাপ কার্যকর হবে। নতুন এই ধাপে ফার্নিচার শোরুম, গহনার দোকান, গাড়ির শোরুম ও ডিলারশিপ, নির্মাণসামগ্রীর দোকান, টেক্সটাইল ও কাপড়ের দোকান, অফিস সরঞ্জাম বিক্রেতাসহ আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা সরবরাহ করতে পারবে না। এর আগে ধাপে ধাপে সুপারমার্কেট, ফার্মেসি, পোশাকের দোকান ও অন্যান্য খুচরা বিক্রেতাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। ওমান সরকার বলছে, এই উদ্যোগের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য কমানো, পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে সবাইকে উৎসাহিত করা। তাই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo