Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ জুন ২০২৬

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে চাকরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২১:১৫

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে চাকরি

বাহরাইন

বাহরাইনে ভুয়া ডিগ্রি কেলেঙ্কারি, ইনস্টিটিউট মালিকের ৪ বছরের কারাদণ্ড  

বাহরাইনে একটি অবৈধ ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনার ভুয়া সার্টিফিকেট দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপককে চার বছরের কারাদণ্ড এবং ৫ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে, পাশাপাশি সাজা শেষ হলে তাকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে জাল সনদগুলো বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে। জিডিএন অনলাইনের রিপোর্ট অনুযায়ী, বাহরাইনের শিক্ষা মন্ত্রণালয় দেশটিতে কর্মরত কয়েকজন ব্যক্তির ভুয়া ডিগ্রি শনাক্ত করার পর বিষয়টি প্রসিকিউশনকে জানায়, এরপর তদন্তে বেরিয়ে আসে ওই ইনস্টিটিউটটির কোনো বৈধ লাইসেন্স নেই এবং সেখানে কোনো অনুমোদিত শিক্ষাদান বা ডিগ্রি প্রদান করার অনুমতি ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছিল। পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন ও ইলেকট্রনিক নিরাপত্তা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি তল্লাশি করে এবং সেখানে অবৈধ ক্লাসরুম, ভুয়া ডিগ্রির বিজ্ঞাপন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে তৈরি সার্টিফিকেট, জাল সিল, নথি এবং অর্থ লেনদেনের প্রমাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। তদন্তে আরো জানা যায়, প্রতিষ্ঠানটি এসব ভুয়া সনদ বিক্রি করে নিয়মিত আয় করছিল এবং বিদেশে যোগাযোগ করে এসব ডিগ্রি সরবরাহের প্রমাণও পাওয়া যায়, যার ভিত্তিতে আদালত প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেয় এবং ব্যাংক অ্যাকাউন্ট ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। শেষ পর্যন্ত আদালতে প্রসিকিউশন শক্তিশালী প্রমাণসহ যুক্তি উপস্থাপন করে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ভিজ্যুয়াল প্রেজেন্টেশনও দেখানো হয়, যা মামলার রায়কে আরো শক্তিশালী করে তোলে।


সৌদি আরব

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে চাকরি

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা। সেই সাথে বাড়ছে চাকরির সংখ্যাও। দেশটির শিল্প খাতকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন করে ৩২২টি শিল্প লাইসেন্স ইস্যু করেছে। একই সময় আরো বহু নতুন ফ্যাক্টরিও তাদের উৎপাদন শুরু করেছে ইতোমধ্যেই, যার মাধ্যমে দেশের শিল্পের উন্নয়নও দ্রুত বিস্তৃত হচ্ছে। সরকারি একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন লাইসেন্সগুলোর মাধ্যমে দেশে মোট শিল্প প্রতিষ্ঠান সংখ্যা বেড়ে ১৩ হাজার ৬৬০-এ পৌঁছেছে, যাতে এটি স্পষ্ট যে শিল্প খাতে বিনিয়োগ ও উদ্যোক্তাদের আগ্রহ ক্রমাগত বাড়ছেই। এসব নতুন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যা সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্য অনুযায়ী তেলনির্ভর অর্থনীতি থেকে বহুমুখী শিল্প অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়াকে আরো গতিশীল করছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে নতুন নিয়ম, আবাসিক এলাকার অন্তত ৫ কিমি দূরে থাকবে শ্রমিক আবাসন

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের আবাসন নিয়ে নতুন কঠোর নিয়ম ঘোষণা করেছে। দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সব লেবার ক্যাম্প বা শ্রমিক আবাসন অবশ্যই পারিবারিক আবাসিক এলাকার অন্তত ৫ কিলোমিটার দূরে স্থাপন করতে হবে এবং পাশাপাশি এগুলোকে ইন্ডাস্ট্রিয়াল জোন ও প্রধান পরিবহন রুটের কাছাকাছি রাখতে হবে, যাতে কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং যাতায়াত সহজ হয়। নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, বড় আকারের আবাসনে ২৪ ঘণ্টা মেডিকেল ক্লিনিক, ফ্রি ইন্টারনেট, বিনোদন ও সামাজিক কার্যক্রমের ব্যবস্থা রাখতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, অগ্নি নিরাপত্তা ও জরুরি সেবার জন্য নির্দিষ্ট মানদণ্ড মানতে হবে। আর সরকারের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শ্রমিকদের জীবনমান উন্নত করা, তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং আবাসন ব্যবস্থাকে আরো নিরাপদ ও সুশৃঙ্খল করা।


কুয়েত

কুয়েতের হাওয়ালিতে অনিয়মের বিরুদ্ধে ব্যাপক ক্লিনআপ অভিযান

কুয়েতের হাওয়ালি গভর্নরেটে স্থানীয় কর্তৃপক্ষ একটি ব্যাপক ক্লিনআপ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ জুন হাওয়ালির রাস্তাঘাট ও আবাসিক এলাকার শৃঙ্খলা বজায় রাখতে পরিত্যক্ত গাড়ি, অবৈধভাবে পার্ক করা যানবাহন এবং রাস্তা দখল সংক্রান্ত বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে অনেকগুলো পরিত্যক্ত গাড়ি সরিয়ে ফেলা হয়, অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং শত শত যানবাহনে সতর্কবার্তা স্টিকার লাগানো হয়, যাতে মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে আইন মেনে নির্দেশনা অনুযায়ী গাড়ি সরিয়ে ফেলতে বলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের নিয়মিত অভিযান জনসাধারণের নিরাপত্তা, রাস্তাঘাটের স্বাভাবিক চলাচল এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়ম পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না

Logo