সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দিতে সতর্ক করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অসতর্কতা অসাধু ব্যক্তি বা চক্রকে সুযোগ করে দেয় বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল তৈরি, অবৈধ লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে। এর ফলে সংশ্লিষ্ট প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা বা অন্যান্য আইনগত শাস্তির মুখোমুখি হতে পারেন।
দূতাবাস আরো জানিয়েছে, প্রবাসীদের উচিত যে কোনো লিখিত কাগজপত্রে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে নেওয়া এবং যাচাই করা। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করলে প্রবাসীরা বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে অনেকেই অজ্ঞতা বা অসতর্কতার কারণে প্রতারণার শিকার হন। দূতাবাসের এই সতর্কতা মূলত তাদের সুরক্ষার জন্যই। কারণ, প্রবাসীরা প্রায়ই বিভিন্ন এজেন্ট বা ব্যক্তির প্রলোভনে পড়ে অজান্তেই সাদা কাগজে স্বাক্ষর করে দেন। পরে সেই কাগজ ব্যবহার করে প্রতারণা বা জালিয়াতি করা হয়।
বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে প্রবাসীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, এ ধরনের সতর্কতা তাদের সচেতন করবে এবং ভবিষ্যতে প্রতারণার ঝুঁকি কমাবে। প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দূতাবাসের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
logo-1-1740906910.png)