দুবাইয়ে বসবাসকারী ভাড়াটিয়াদের জন্য বড় স্বস্তির খবর এসেছে সরকারের পক্ষ থেকে। ২৩ জুন দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ‘ফ্লেক্সি রেন্ট’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে, যার মাধ্যমে ভাড়াটিয়ারা আর আগের মতো একসঙ্গে বড় অঙ্কের ভাড়া পরিশোধ করতে বাধ্য থাকবেন না।
নতুন এই ব্যবস্থায় অংশগ্রহণকারী রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মাধ্যমে বাসা ভাড়া মাসিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক কিস্তিতে পরিশোধ করা যাবে।
কিছু ক্ষেত্রে ভাড়ার অর্থ ১২ মাস পর্যন্ত কিস্তিতে ভাগ করার সুযোগও থাকবে। প্রথম ধাপে দুবাইয়ের ১২টি রিয়েল এস্টেট কোম্পানি এই কর্মসূচিতে যুক্ত হয়েছে।
শুধু নতুন ভাড়াটিয়ারাই নয়, বর্তমানে যারা এক বা একাধিক চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করছেন তারাও চাইলে বাড়িওয়ালা বা সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে নতুন পেমেন্ট প্ল্যানে যেতে পারবেন।
এছাড়া নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময়, নতুন কিস্তি পরিকল্পনা, প্রশাসনিক ফি মওকুফ এবং এমনকি ভাড়া বৃদ্ধি না করার সুবিধাও দেওয়া হতে পারে। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাসা ভাড়ার আর্থিক চাপ কমানো, আবাসনকে আরো সহজলভ্য করা এবং বাসিন্দাদের জীবনমান উন্নত করা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা আরো বেশি কোম্পানি ও সম্পত্তি খাতে সম্প্রসারণ করা হবে।
logo-1-1740906910.png)