মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ জুন ২০২৬
লাইসেন্স ছাড়া ডেলিভারি, কঠোর বার্তা দিল সৌদি আরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:৫৩
বাহরাইন
বাহরাইনে শ্রমিকদের জন্য গ্রীষ্মকালীন সচেতনতা অভিযান
বাহরাইনে প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের সুরক্ষায় নতুন সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।দেশটির বিভিন্ন প্রবাসী সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এই গ্রীষ্মকালীন সচেতনতা কার্যক্রমের আওতায় আগামী কয়েক মাসে প্রায় ৪ হাজার শ্রমিকের কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘থার্স্ট কোয়েঞ্চার্স ২০২৬’ এবং ‘সামার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ নামে পরিচালিত এই উদ্যোগটি টানা ১১তম বছরের মতো আয়োজন করছে ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি, তাপজনিত অসুস্থতা সম্পর্কে সচেতনতা এবং গরমের সময় নিরাপদে কাজ করার বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। একই সময়ে বাহরাইনে গ্রীষ্মকালীন মধ্যাহ্নকালীন কর্মবিরতি কার্যকর রয়েছে, যার আওতায় ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত খোলা স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিকদের কাজ করানো নিষিদ্ধ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরমে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সচেতনতামূলক কার্যক্রম ও বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বিশেষ করে নির্মাণ, সড়ক ও অন্যান্য বহিরাঙ্গন কাজে নিয়োজিত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক এ উদ্যোগের আওতায় উপকৃত হবেন।
সৌদি আরব
লাইসেন্স ছাড়া ডেলিভারি, কঠোর বার্তা দিল সৌদি আরব
সৌদি আরবে পরিচালিত ডেলিভারি অ্যাপগুলোর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ)। ২৩ জুন প্রকাশিত এক ঘোষণায় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ডেলিভারি অ্যাপ যদি লাইসেন্সবিহীন পরিবহনকারী বা অনুমোদনহীন ক্যারিয়ারের মাধ্যমে পণ্য পরিবহন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনে সংশ্লিষ্ট অ্যাপের কার্যক্রম স্থগিত বা ব্লকও করা হতে পারে। টিজিএ বলছে, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা, পণ্যের সঠিক ও নিরাপদ পরিবহন বজায় রাখা এবং পরিবহন খাতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।কর্তৃপক্ষ ডেলিভারি কোম্পানিগুলোকে শুধু অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত পরিবহন সেবাদাতাদের ব্যবহার করার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে ভোক্তাদেরও পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা বৈধ ও অনুমোদিত ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করেন। সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ডেলিভারি ও লজিস্টিকস খাতে নিয়ন্ত্রণ আরো জোরদার করেছে এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে এর আগেও একাধিক পরিবহন ও ডেলিভারি অ্যাপের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে মাসিক কিস্তিতে বাসা ভাড়ার সুযোগ
দুবাইয়ে বসবাসকারী ভাড়াটিয়াদের জন্য বড় স্বস্তির খবর এসেছে সরকারের পক্ষ থেকে। ২৩ জুন দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ‘ফ্লেক্সি রেন্ট’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে, যার মাধ্যমে ভাড়াটিয়ারা আর আগের মতো একসঙ্গে বড় অঙ্কের ভাড়া পরিশোধ করতে বাধ্য থাকবেন না। নতুন এই ব্যবস্থায় অংশগ্রহণকারী রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মাধ্যমে বাসা ভাড়া মাসিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক কিস্তিতে পরিশোধ করা যাবে।
কিছু ক্ষেত্রে ভাড়ার অর্থ ১২ মাস পর্যন্ত কিস্তিতে ভাগ করার সুযোগও থাকবে। প্রথম ধাপে দুবাইয়ের ১২টি রিয়েল এস্টেট কোম্পানি এই কর্মসূচিতে যুক্ত হয়েছে। শুধু নতুন ভাড়াটিয়ারাই নয়, বর্তমানে যারা এক বা একাধিক চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করছেন তারাও চাইলে বাড়িওয়ালা বা সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে নতুন পেমেন্ট প্ল্যানে যেতে পারবেন।
এছাড়া নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময়, নতুন কিস্তি পরিকল্পনা, প্রশাসনিক ফি মওকুফ এবং এমনকি ভাড়া বৃদ্ধি না করার সুবিধাও দেওয়া হতে পারে। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাসা ভাড়ার আর্থিক চাপ কমানো, আবাসনকে আরো সহজলভ্য করা এবং বাসিন্দাদের জীবনমান উন্নত করা। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা আরো বেশি কোম্পানি ও সম্পত্তি খাতে সম্প্রসারণ করা হবে।
ওমান
ওমানে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের চিন্তা সরকারের
ওমানে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনার বিষয়টি বিবেচনা করছে দেশটির সরকার। এ লক্ষ্যে ওমানের টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি অথরিটি (টিআরএ) একটি খসড়া নীতিমালা নিয়ে জনমত গ্রহণ শুরু করেছে।
প্রস্তাবিত এই নিয়মের আওতায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ, বয়স যাচাই ব্যবস্থা চালু, ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্ট থেকে সুরক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে শিশুদের অনলাইন কার্যক্রমে অভিভাবকদের ভূমিকা ও তদারকির বিষয়টিও আলোচনায় রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, বিশেষজ্ঞ, অভিভাবক এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে। সাম্প্রতিক সময়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ওমান এই উদ্যোগ নিয়েছে।
এর আগে ১৮ জুন সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওমানে প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
logo-1-1740906910.png)