প্রবাস অর্থনীতির খবর ২৫ জুন ২০২৬
প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:৪১
প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈধপথে রেমিট্যান্স পাঠানো আরো সহজ করতে এবং দেশে বিনিয়োগের সুযোগ বাড়াতে নতুন ধরনের ব্যাংক হিসাব চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৩ জুন জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা দেশের ব্যাংকগুলোতে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন।
এই হিসাবের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্স জমা রাখা যাবে। পাশাপাশি সঞ্চয়ী, চলতি কিংবা স্থায়ী আমানত হিসাব হিসেবেও এটি পরিচালনা করা যাবে। শুধু রেমিট্যান্স নয়, অন্যান্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রা-সংশ্লিষ্ট তহবিলও এই হিসাবে রাখা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হিসাবে জমা থাকা অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে বিদেশে ফেরত নেওয়া যাবে, অর্থাৎ প্রবাসীরা প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তাদের অর্থ দেশে বা বিদেশে স্থানান্তর করতে পারবেন।
এছাড়া এই অর্থ দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ, স্থানীয় লেনদেন, অন্য অনিবাসী হিসাবে স্থানান্তর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কাজেও ব্যবহার করা যাবে। নতুন ব্যবস্থার আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট শর্তে ঋণ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি এই হিসাবের বিপরীতে জামানত রেখে প্রবাসী বা তাদের মনোনীত ব্যক্তি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ঋণ নিতে পারবেন।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতি ও বিনিয়োগ খাতে প্রবাসীদের অংশগ্রহণ আরো শক্তিশালী করবে।
logo-1-1740906910.png)