মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ জুন ২০২৬
সৌদিতে সব চাকরিজীবীকে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৫:৫৪
বাহরাইন
বাহরাইনে খাদ্যপণ্য নিয়ে জালিয়াতি, চারজন দোষী সাব্যস্ত
বাহরাইনে মেয়াদ শেষ হয়ে যাওয়া খাদ্যপণ্যের তারিখ পরিবর্তন করে বাজারে বিক্রির অভিযোগে চারজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তদন্তে দেখা গেছে, একটি খাদ্যপণ্য ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ শেষ হওয়া পণ্যের গায়ে নতুন তারিখ লাগিয়ে সেগুলো আবার বাজারে বিক্রির চেষ্টা করছিল। বিষয়টি ধরা পড়ার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে বাহরাইনের পাবলিক প্রসিকিউশন। পরে বিপুল পরিমাণ নষ্ট ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। আদালত কোম্পানির কার্যত পরিচালকের বিরুদ্ধে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার বাহরাইনি দিনার জরিমানা করেছে।
এছাড়া প্রতিষ্ঠানের তিন কর্মীকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাজা শেষে তাদের স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে আরো বলা হয়েছে, আদালত জব্দ করা সব ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ এবং প্রতিষ্ঠানটি ৬ মাসের জন্য বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
সৌদি আরব
সৌদিতে সব চাকরিজীবীকে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা
সৌদি আরবে সব কর্মীর জন্য ধাপে ধাপে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও পেশাগত সক্ষমতা পরীক্ষা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, চাকরিতে যোগদানের আগে কর্মীদের অসংক্রামক রোগ পরীক্ষা এবং পেশাগত সক্ষমতা যাচাই করা হবে। প্রথমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের, এরপর উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের কর্মীদের এবং শেষ ধাপে সব খাত ও প্রতিষ্ঠানের কর্মীদের এই ব্যবস্থার আওতায় আনা হবে।
নিয়ম অনুযায়ী, চিকিৎসকের অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত কোনো কর্মী চাকরিতে যোগ দিতে পারবেন না। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা, পেশা পরিবর্তন বা কাজের পরিবেশ বদলালে আবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো কর্মী যদি নির্ধারিত পেশাগত সক্ষমতার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি ওই পেশায় কাজ করতে পারবেন না। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানকে তার জন্য অন্য উপযুক্ত পেশা নির্ধারণ করতে হবে, যদিও অতিরিক্ত পরীক্ষার মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ থাকবে।
কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি করা এবং সৌদির শ্রমবাজারকে আরো দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলা। নতুন এই নিয়ম সরকারি, বেসরকারি, অলাভজনক প্রতিষ্ঠান, অস্থায়ী ও মৌসুমি কর্মী, প্রশিক্ষণার্থী, প্রতিবন্ধী কর্মী এবং রিমোট কর্মীসহ প্রায় সব ধরনের কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কুয়েত
কুয়েতে পাঁচজনের ফাঁসি কার্যকর
কুয়েতে দণ্ডপ্রাপ্ত ৫ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া, আপিল এবং আমিরের অনুমোদন সম্পন্ন হওয়ার পর ২০ জুন কুয়েতের সেন্ট্রাল প্রিজনে ফাঁসির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিহতদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি নাগরিক, একজন বেদুইন এবং একজন মিসরীয় নাগরিক।
আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, অপহরণ করে হত্যা, ধর্ষণ, অবৈধ আটকে রাখা, মাদক ও অস্ত্র রাখাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছিল। এদের মধ্যে একজন কালাশনিকভ রাইফেল ব্যবহার করে খুন ও হত্যাচেষ্টার দায়ে, একজনকে অপহরণ ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে, একজনকে এক নারীকে অপহরণ ও যৌন নির্যাতনের দায়ে এবং বাকি দুজনকে পৃথক হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অভিযুক্তদের বিচার তিনটি বিচারিক স্তর অতিক্রম করেছে এবং প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ডেলিভারি মোটরসাইকেলের কারণে বেশি দুর্ঘটনা ঘটছে
দুবাইয়ে ২০২৫ সালে ডেলিভারি মোটরসাইকেল জড়িত সড়ক দুর্ঘটনার সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে, যা আগের বছরের ৮৫৪টি দুর্ঘটনার তুলনায় অনেক বেশি বৃদ্ধি। একই সময়ে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে প্রায় ৮০ হাজার ট্রাফিক জরিমানা জারি করেছে দুবাই পুলিশ। তবে কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার প্রধান কারণ শুধু অতিরিক্ত গতি নয়, বরং চালকদের ভুলও বড় ভূমিকা রাখছে। তদন্তে দেখা গেছে, হঠাৎ লেন পরিবর্তন, ব্লাইন্ড স্পট না দেখা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং ঝুঁকিপূর্ণ চালনা বা ম্যানুভারের কারণে অনেক দুর্ঘটনা ঘটছে।
দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুয়াইদান জানিয়েছেন, অনেক ক্ষেত্রে ড্রাইভাররা লেন পরিবর্তনের সময় পাশে থাকা মোটরসাইকেল দেখতে পান না। আবার কিছু রাইডারও যানবাহনের মাঝখানের সংকীর্ণ জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেলের আকার ছোট হওয়ায় সেগুলো সহজে চোখে পড়ে না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। দুর্ঘটনা কমাতে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (RTA) দ্রুতগতির লেনে ডেলিভারি বাইকের চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, শুধু জরিমানা নয়, চালক ও রাইডার উভয়ের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণই দুর্ঘটনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
logo-1-1740906910.png)