ওমানে গ্রীষ্ম মৌসুম শুরু ডাক্তাররা দিলেন সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২৩:৪১
ওমানে ক্রমবর্ধমান গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোক, হিট এক্সহসশন বা তাপজনিত অসুস্থতা এবং পানিশূন্যতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দৈনিক ৩ থেকে সাড়ে ৩ লিটার পানি পান করতে বিশেষভাবে পরামর্শ দিয়েছেন।এছাড়া, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেয়া হয়েছে।
যারা বাইরে বা খোলা যায়গায় যাতায়াত বা কাজকর্ম করেন তাদের প্রতি ১৫ মিনিটে ১ থেকে দেড় কাপ পানি খেতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, তীব্র তৃষ্ণা, মাথাব্যথা, বমিভাব বা শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
কারণ সময়মতো ব্যবস্থা না নিলে হিটস্ট্রোক জীবনহানির কারণও হতে পারে। গরমের সময় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে।
logo-1-1740906910.png)