Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১জুন ২০২৬

সৌদিতে এক সপ্তাহে আটক ১৫ হাজার ২৮৮ বিদেশী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ২২:১৭

সৌদিতে এক সপ্তাহে আটক ১৫ হাজার ২৮৮ বিদেশী

বাহরাইন

বাহরাইনে এক ফ্লাইওভার নিয়ে সতর্কতা জানালো কর্তৃপক্ষ

বাহরাইনের সদ্য চালু হওয়া জাসরা ফ্লাইওভার নিয়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির পৌর কাউন্সিলররা সতর্কবার্তা দিয়েছেন যে, তাদের মতে ফ্লাইওভারটির একটি সম্ভাব্য বাঁকজনিত ত্রুটি এই উড়ালপথের মোড়ে বারবার যানবাহন দুর্ঘটনার কারণ হতে পারে।বিষয়টি এখন নর্দার্ন মিউনিসিপ্যাল ​​কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে এবং ফ্লাইওভারটির একটি নির্দিষ্ট অংশে দুর্ঘটনার চিহ্ন দেখা যাচ্ছে।মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে বলেছেন, ফ্লাইওভারটিতে গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার নির্ধারণ করা থাকলেও, অনেক চালক তার চেয়ে অনেক বেশি গতিতে ওই অংশে প্রবেশ করছেন এবং হঠাৎ অতিরিক্ত বাঁকের কারণে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন।এই জাসরা ফ্লাইওভারটি আল জানাবিয়া হাইওয়েকে শেখ ঈসা বিন সালমান হাইওয়ের সাথে যুক্ত করেছে।তবে সংযোগকারী বাঁকানো ফ্লাইওভারটির শেষ অংশে সমস্যাটি রয়েছে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা। এই উড়াল সেতুটি দেশটির নর্দার্ন মিউনিসিপ্যাল ​​কাউন্সিলের আওতাধীন জাসরা ফ্লাইওভার কয়েক মাস আগেই চালু হয়। 

সৌদি আরব

সৌদিতে অভিযান বিপুল সংখ্যক প্রবাসী আটক

সৌদি আরবে অবৈধদের ধরতে চলমান অভিযানে গেল সপ্তাহ আটক হয়েছে বিপুল সংখ্যক বিভিন্ন দেশের প্রবাসী। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার বিরুদ্ধে চলমান অভিযানে মাত্র এক সপ্তাহেই ১৫ হাজার ২৮৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের এই সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের প্রায় দ্বিগুণ। যদিও এসব প্রবাসীদের ৯৯শতাংশই ইয়েমেন ও ইথিউপিয়ার নাগরিক। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১১ থেকে ১৭ জুনের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একই সময়ে ১০ হাজার ৪৫৮ জন অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৫ হাজার ১০৯ জনকে ভ্রমণ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ট্রাভেল ডক্যুমেন্ট সংগ্রহ করাদেরও তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া অভিযানে আইন ভঙ্গকারীদের আশ্রয়, পরিবহন ও চাকরির সুযোগ দেওয়ার অভিযোগে ২৪ জনকেও আটক করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৫৮৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সৌদি কর্তৃপক্ষ আবারও সতর্ক করে বলেছে, অবৈধভাবে অবস্থান, কাজ বা সীমান্ত অতিক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

কুয়েত

কুয়েতে এক প্রবাসীকে ধোঁকা দিয়ে পালালো প্রতারক

কুয়েতে পুলিশ পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে ৩৯০ কুয়েতি দিনার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির সাফাত আল-ঘানিম এলাকায় দুপুরের দিকে একটি ফোর-হুইল ড্রাইভ গাড়িতে এসে এক লোক নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ঐ প্রবাসীর পরিচয়পত্র ও  রেসিডেন্সি পারমিট দেখতে চায়।তার কথায় বিশ্বাস করে ওই প্রবাসী মানিব্যাগ বের করেন।তাতে মোট ৩৯০ দিনার ছিল। এরপর কথিত পুলিশ সদস্য তাকে দূরে দাঁড়াতে বলে, যেন সে তথ্য যাচাই করতে পারে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং সংগে সংগে থানায় অভিযোগ দায়ের করেন।জিজ্ঞাসাবাদে তিনি অভিযুক্তকে আগে কখনো দেখেননি  বলে জানান এবং গাড়ির নম্বরও মনে রাখতে পারেননি। বর্তমানে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার পর সাধারণ মানুষ ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।দেশটিতে আছেন বাংলাদেশীরাও।তাদের নিজের বৈধ আইডি ও পারমিট কাউকে দেবার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গাড়ির ভেতর থেকে ৬জিনিস সরাতে বললো পুলিশ 

আমিরাতের আবুধাবি পুলিশ প্রচণ্ড গরমের মধ্যে দেশটির গাড়িচালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে।পুলিশ জানিয়েছে, গ্রীষ্মকালে তীব্র তাপমাত্রার কারণে গাড়ির ভেতরে রাখা কিছু সাধারণ জিনিস ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। তাই গাড়ির ভেতরে কখনোই ছয় ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু রাখা উচিত নয়। এগুলো হলো—চাপযুক্ত ক্যান বা স্প্রে, ব্যাটারি ও পাওয়ার স্টোরেজ ডিভাইস, হ্যান্ড স্যানিটাইজার, পারফিউম, গ্যাস সিলিন্ডার এবং সিগারেট লাইটার। পুলিশের ভাষ্য অনুযায়ী, সরাসরি রোদ ও অতিরিক্ত তাপের কারণে এসব বস্তু বিস্ফোরিত হতে পারে বা আগুন ধরে যেতে পারে, যা পুরো গাড়িকে মুহূর্তেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আবুধাবি পুলিশ আরও জানিয়েছে,গাড়িতে এমনি জ্বালানি, লুব্রিকেন্ট, প্লাস্টিক ও রাবারের মতো দাহ্য উপাদান থাকে। তাই সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণে নিয়মিত গাড়ির সার্ভিসিং করানো, নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করা এবং গাড়িতে সবসময় একটি ফায়ার এক্সটিংগুইশার ও ফার্স্ট এইড কিট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের এই মৌসুমে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য গাড়ির ভেতরে রাখা জিনিসপত্র একবার ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় দেশটিতে থাকা বাংলাদেশী প্রবাসীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

ওমান

ওমানে গ্রীষ্ম মৌসুম শুরু ডাক্তাররা দিলেন সতর্কবার্তা

ওমানে ক্রমবর্ধমান গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোক, হিট এক্সহসশন বা তাপজনিত অসুস্থতা এবং পানিশূন্যতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দৈনিক ৩ থেকে সাড়ে ৩ লিটার পানি পান করতে বিশেষভাবে পরামর্শ দিয়েছেন।এছাড়া, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেয়া হয়েছে।যারা বাইরে বা খোলা যায়গায় যাতায়াত বা কাজকর্ম করেন তাদের প্রতি ১৫ মিনিটে ১ থেকে দেড় কাপ পানি খেতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, তীব্র তৃষ্ণা, মাথাব্যথা, বমিভাব বা শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে। কারণ সময়মতো ব্যবস্থা না নিলে হিটস্ট্রোক জীবনহানির কারণও হতে পারে। গরমের সময় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে।  

Logo