Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫৭

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার গ্রেপ্তার

সৌদি আরবে আইন অমান্য করায় এক সপ্তাহে ১৫ হাজার ২৮৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাসস্থান আইন, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৭ হাজার ৮৬৪ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক হয়েছেন ৪ হাজার ৫৭৬ জন। শ্রম আইন সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরো ২ হাজার ৮৪৮ জন।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়েছেন ১ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের। অন্যদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশে যাওয়ার সময় আটক হয়েছেন আরো ৫৪ জন।

অভিযানে শুধু অভিবাসী নয়, তাদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ দেওয়া, থাকার জায়গা বা যাতায়াতের সুবিধা দেওয়ার অভিযোগে ২৪ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ বা অবস্থান করতে সাহায্য করলে কঠোর শাস্তি দেওয়া হবে। সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

নাগরিকদের সতর্ক করে দিয়ে মন্ত্রণালয় বলেছে, কেউ যদি সন্দেহজনক ব্যক্তি বা আইন লঙ্ঘনের তথ্য দেখে, তা কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Logo