Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:১৯

আমিরাতে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথম আরব দেশ হিসেবে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ১৮ জুন সরকার অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, এই বয়সসীমার নিচে কোনো শিশু ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করতে পারবে না।

এই পদক্ষেপের মাধ্যমে ইউএই বিশ্বব্যাপী শিশু সুরক্ষার প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করল। শিশুদের অনুপযুক্ত বিষয়বস্তুতে প্রবেশ, অনিরাপদ যোগাযোগ, ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের মতো ঝুঁকি মোকাবিলায় এই আইন কার্যকর হবে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সীরা কোনো বিষয়বস্তু পোস্ট, মন্তব্য, শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতে পারবে না। অন্যদিকে, ১৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে, তবে তাদের জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে। এর মধ্যে রয়েছে বয়স-উপযোগী কনটেন্ট নিয়ন্ত্রণ, অপরিচিতদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা, স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট টুল ব্যবহার এবং অভিভাবকীয় পর্যবেক্ষণ সক্রিয় করা।

নতুন আইন অনুযায়ী, ইউএইতে পরিচালিত সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কঠোর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। স্ব-ঘোষিত বয়স আর গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল পরিচয় যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বয়স নিশ্চিত করতে হবে।

প্ল্যাটফর্মগুলোকে ১৫ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে হবে। শিশুদের ব্যক্তিগত তথ্য কোনোভাবেই লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন বা আচরণগত বিশ্লেষণে ব্যবহার করা যাবে না। প্রযুক্তি সংস্থাগুলোকে নতুন নিয়ম পুরোপুরি মানতে সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে। সময়সীমা পূরণে ব্যর্থ হলে তাদের কার্যক্রম ইউএইতে নিষিদ্ধ করা হবে।

এই সিদ্ধান্ত শুধু ইউএইকে শিশু সুরক্ষায় আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে না, বরং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) জুড়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে বাহরাইন অনুরূপ আইন বিবেচনা করছে। অন্যদিকে সৌদি আরব, কাতার ও কুয়েত বিভিন্ন মাত্রায় অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি চালু করলেও এখনো সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়নি।

অস্ট্রেলিয়া ও কয়েকটি ইউরোপীয় দেশও শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে ইউএইর এই পদক্ষেপকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈশ্বিক ডিজিটাল সুরক্ষার দিকে একটি বড় পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Logo