Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে কতক্ষণ খোলা রাখা যাবে দোকান?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৩৭

বাহরাইনে কতক্ষণ খোলা রাখা যাবে দোকান?

বাহরাইনে দোকান খোলা ও বন্ধের সময়সীমা নির্ধারণের প্রস্তাব বড় ধরনের বাধার মুখে পড়েছে। রাজধানীর ক্যাপিটাল ট্রাস্টিজ বোর্ড এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রমে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

সাউদার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছিল, দোকানগুলো সকাল ৫টার আগে খোলা যাবে না এবং রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে। বিশেষ অনুমতি ছাড়া ২৪ ঘণ্টা খোলা রাখার সুযোগ থাকবে না। কাউন্সিলের দাবি ছিল, আবাসিক এলাকায় রাতের বেলা দোকান খোলা থাকায় শব্দদূষণ ও বিরক্তির অভিযোগ পাওয়া যাচ্ছে।

তবে ক্যাপিটাল ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান সালেহ তাররাদাহ স্পষ্ট করে জানিয়েছেন, ব্যবসার সময়সীমা নির্ধারণ করা উচিত ব্যবসায়ীদের নিজস্ব সিদ্ধান্তে। তিনি বলেন, “কোনো দোকান কখন খোলা থাকবে তা ব্যবসায়ীই ঠিক করবেন। রাত ১২টা বা ভোরে খোলা থাকলে সেটি তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী।”

তিনি আরো বলেন, শব্দদূষণ বা গাড়ির হর্নের সমস্যা দোকানের সময়সীমার সঙ্গে সম্পর্কিত নয়। “রাত ১০টা বা ১২টার পর হর্ন বাজানো গ্রহণযোগ্য নয়। এটি আচরণগত সমস্যা, ব্যবসার সময় নয়।”

তাররাদাহ উল্লেখ করেন, অনেক মানুষ শিফটে কাজ করেন এবং তাদের জন্য লন্ড্রি বা ড্রাই ক্লিনারের মতো সেবা রাতেও প্রয়োজন হয়। এছাড়া ক্যাফে ও রেস্টুরেন্টের মতো ব্যবসার জন্য দীর্ঘ সময় খোলা থাকা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো বড় ইভেন্ট চলাকালে এসব ব্যবসা রাতভর সক্রিয় থাকে।

তিনি বলেন, “বাহরাইন একটি উন্মুক্ত বাজারের দেশ। এখানে ব্যবসার সময়সীমা নির্ধারণের কোনো যৌক্তিকতা নেই। নিরাপত্তা ও অপরাধের হারও অত্যন্ত কম, তাই ব্যবসা বন্ধ করার প্রয়োজন নেই।”

বোর্ডের ভাইস চেয়ারপারসন ড. খুলুদ আল কাত্তানও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা ইতোমধ্যেই আঞ্চলিক উত্তেজনার কারণে অর্থনৈতিক চাপে আছেন। এখন নতুন করে সময়সীমা নির্ধারণ করলে তাদের পুনরুদ্ধার আরো কঠিন হয়ে পড়বে।

অন্যদিকে সাউদার্ন কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ আবদুল্লতিফ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে কাউন্সিলের সার্ভিসেস ও পাবলিক ইউটিলিটিজ কমিটির চেয়ারম্যান আলি আল শাইখ বলেছেন, প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল আবাসিক এলাকায় দোকানের সময়সীমা নিয়ন্ত্রণ করা, সারাদেশে নয়। তিনি জানান, আবাসিক ও মিশ্র এলাকায় পার্থক্য করার জন্য ইতোমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়ের শ্রেণিবিন্যাস রয়েছে।

Logo