মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ জুন ২০২৬
সৌদিতে কাজের ভিসা নিয়ে কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা কর্তৃপক্ষের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৯:১৭
বাহরাইন
বাহরাইনে আশুরা উপলক্ষে টানা ছুটি ঘোষণা
পবিত্র আশুরা উপলক্ষে বাহরাইনে সরকারি অফিস-আদালতে টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা এ সংক্রান্ত ফরমান জারি করেছেন। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৫ ও ২৬ জুন আশুরার সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ২৭ জুন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৮ জুন রোববার অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে সরকারি মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা টানা চার দিনের ছুটি পাবেন। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বেসরকারি খাতের কর্মীদের জন্য এ ছুটি ধর্মীয় অনুষ্ঠান পালন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ এনে দেবে। তবে বেসরকারি খাতে কর্মীরা কত দিনের ছুটি পাবেন, সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। বেসরকারি অফিসগুলো সাধারণত এসব ছুটির বিষয়ে নিজস্ব নীতিমালা প্রয়োগ করে থাকে।
সৌদি আরব
সৌদিতে কাজের ভিসা নিয়ে কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা কর্তৃপক্ষের
সৌদি আরবে নতুন কোম্পানি যাদের বয়স দুই বছরের কম তাদের তাৎক্ষণিক কাজের জন্য কর্মীদের ভিসা পাঁচটিতে সীমাবদ্ধ করে দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দুই বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠানগুলো এক আবেদনে সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ভিসা পেতে পারবে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, বিদেশ থেকে অ-সৌদি কর্মী নিয়োগের জন্য ১০টি শর্তও উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ব্যবসার চালু থাকা, কর্মীদের জন্য বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকা, মিডিয়াম গ্রিন ক্যাটাগরি বা তার উপরে থেকে সৌদিকরণের শর্ত পূরণ করা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা এবং আবশের বা মুকিমের মতো সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালান্স বজায় রাখা। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ বলছে, বিদেশি কর্মী যাদের ভিসা আবেদন করা হবে, তাদের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
কুয়েত
কুয়েতে প্রবাসীদের কাছে জাল ঠিকানা বিক্রি করে ধরা খেল দুইজন
কুয়েতে পরিচয়পত্রের জন্য আবাসিক ঠিকানা বিক্রির অভিযোগে দুইজনকে ধরেছে দেশটির পুলিশ। এই দুইজন প্রবাসীদের কাছে আবাসিক ঠিকানা বিকৃত বা জাল করে অবৈধভাবে বেসামরিক পরিচয়পত্র ইস্যু করছিল। সাধারণত কুয়েতে প্রবাসীদের ঠিকানা নিবন্ধন করতে হয় সরকারিভাবে। কিন্তু সেই কুয়েতি নাগরিক প্রবাসীদের কাছ থেকে ১০০ বা ২০০ কুয়েতি দিনার নিয়ে ঠিকানা পরিবর্তন করে দিচ্ছিল। এ সময় সেই কুয়েতি নাগরিকের একজন অ্যাসিস্ট্যান্টকেও ধরেছে পুলিশ, যে কিনা এই কাজের সাথে দালাল হিসেবে কাজ করত ও লাভের অংশ নিত। পুলিশ এই দুইজনের বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ এনেছে। তবে এরা কোন দেশের প্রবাসীদের ঠিকানা টাকার বিনিময়ে হালনাগাদ করত, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কুয়েতে বসবাসরত প্রবাসীরা বাসা পরিবর্তন করলে দ্রুত তাদের সিভিল আইডি অ্যাড্রেস হালনাগাদ করতে হয়। ঠিকানা পরিবর্তনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালে ভবিষ্যতে সরকারি সেবা, নোটিশ গ্রহণ বা বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। তবে তা যথাযথ উপায়ে না করলে, জালিয়াতি করলে আরো বড় সমস্যার মুখোমুখি হতে হয়। এবিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে এক লাফে বেড়ে গেছে স্বর্ণের দাম
দুবাইয়ে এক লাফে একদিনে স্বর্ণের দাম প্রতি গ্রামে ১১ দিরহাম পর্যন্ত বেড়ে গেছে। ইরান-আমেরিকার চুক্তি সই হওয়ার খবরের পর সারা দুনিয়ায় স্বর্ণের মতো মূল্যবান ধাতুর দাম বাড়তে শুরু করেছে। তার প্রভাব পড়েছে দুবাইয়ের স্বর্ণের বাজারে। জুন মাসের শুরুতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৫৩৯.৭৫ দিরহাম, নানা ওঠানামার পর ১৮ জুন সকালে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৫১৯.৭৫ দিরহামে দাঁড়িয়েছে, যা ১৭ জুন ৫০৮.২৫ দিরহামে বিক্রি হচ্ছিল। ফলে একদিনে দাম বেড়েছে সাড়ে ১১ দিরহাম। একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৪৭০.৭৫ দিরহাম থেকে ১০.৭৫ দিরহাম বেড়ে ৪৮১.৫০ দিরহামে পৌঁছেছে। যদিও ভূ-রাজনৈতিক চলমান উত্তেজনা, তেলের দাম এবং মার্কিন সুদের হারের ওঠানামার কারণে ক্রেতা ও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকায় জুন মাসে এখন পর্যন্ত দুবাইতে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে।
logo-1-1740906910.png)