Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ জুন ২০২৬

বাহরাইনে বিদ্যুতের তার চুরি, দুইজন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৫:০১

বাহরাইনে বিদ্যুতের তার চুরি, দুইজন আটক

বাহরাইন

বাহরাইনে বিদ্যুতের তার চুরি, দুইজন আটক

বাহরাইনের ইস্ট রিফা এলাকায় নির্মাণাধীন পাঁচটি আবাসিক ভবন থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ। দুইজনই এশীয় নাগরিক। দেশটির হাই ক্রিমিনাল কোর্ট অভিযুক্ত দুজনকে আটক রাখার নির্দেশ দিয়েছে। পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, দক্ষিণ গভর্নরেট পুলিশে চারটি পৃথক অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করা হয় এবং পরে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রথমে একজনের কাছ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক সামগ্রীর একটি অংশ উদ্ধার করা হয়, আর দ্বিতীয় অভিযুক্তকে চুরি করা তারের কিছু অংশ কিনে নেওয়ার অভিযোগে আটক করা হয়। তদন্তে দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধের কথা স্বীকার করে। পরে আদালতে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং উদ্ধার হওয়া চুরি করা সামগ্রী প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাহরাইনের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সম্পত্তি সংক্রান্ত অপরাধ এবং চোরাই মালামালের কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে এরা কোন দেশের নাগরিক, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

সৌদি আরব

গাড়ির ভেতর দাহ্যপদার্থ, সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ 

সৌদি আরবে গরমের এই সময়ে ড্রাইভারদের সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে গরম দিন দিন বাড়তে থাকার এই মৌসুমে গাড়ির ভেতরে দাহ্য ও বিপজ্জনক বস্তু না রাখতে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এই সময় খোলা জায়গায় গাড়ি পার্ক করলে প্রচণ্ড গরমে গাড়ির ভেতরে তাপমাত্রা অত্যন্ত দ্রুত বেড়ে যায়, যা লাইটার, গ্যাস ক্যানিস্টার, অ্যারোসল স্প্রে, পাওয়ার ব্যাংক, ব্যাটারি এবং অন্যান্য দাহ্য পদার্থ বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে। কর্তৃপক্ষ চালকদের গাড়ি ছায়াময় জায়গায় পার্ক করা, গাড়ি থেকে বের হওয়ার সময় বিপজ্জনক সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার এবং নিয়মিত গাড়ির নিরাপত্তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে শিশু ও পোষা প্রাণীকে কোনো অবস্থাতেই বন্ধ গাড়ির ভেতরে রেখে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সিভিল ডিফেন্স বলছে, গ্রীষ্মকালে অসতর্কতার কারণে ঘটে যাওয়া অনেক দুর্ঘটনা সামান্য সচেতনতায় এড়ানো সম্ভব। সৌদিতে আছেন ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি। এই সতর্কতা তাদের জন্য গুরুত্বপূর্ণ বলছেন প্রবাসীরা। 

কুয়েত

কুয়েতজুড়ে চলছে বড়োসড়ো ট্রাফিক অভিযান

কুয়েতজুড়ে বড়োসড়ো ট্রাফিক অভিযান চালাচ্ছে দেশটির ট্রাফিক পুলিশ। গত ৮ থেকে ১৪ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে  ট্রাফিক আইনের অধীনে প্রায় ১৯ হাজার ৯৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এই সময় ৫১ জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, ২৭ জন আবাসন আইন ভঙ্গকারী এবং আরো কয়েকজনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়। অভিযানে ৪১৯টি গাড়ি ও ২১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১ হাজার ৯৭টি সড়ক দুর্ঘটনার ঘটনায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে ১৬০টিতে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে তিন কুয়েতি নাগরিক ও এক এশীয় প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে এশীয় নাগরিক কোন দেশের, তা জানানো হয়নি। অন্য অভিযুক্তরা ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন বলে আরব টাইমস অনলাইনের খবরে জানানো হয়েছে। এছাড়া নাম্বার ছাড়া গাড়ি চালানোর দায়ে ড্রাইভারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানের এই সময় সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ভুয়া বীমা অফারের ফাঁদ, সতর্ক করল পুলিশ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া বীমা অফার নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে দুবাই পুলিশ। দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের অ্যান্টি-ফ্রড সেন্টার জানিয়েছে, প্রতারক চক্রগুলো অস্বাভাবিক কম দামের বীমার লোভনীয় অফার দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলছে এবং গাড়ি বা স্বাস্থ্য বীমা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারকরা সাধারণত বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে তাৎক্ষণিক বীমা সুবিধার প্রতিশ্রুতি দেয় এবং গ্রাহকদের কোম্পানির বৈধতা যাচাই না করেই টাকা পাঠাতে উৎসাহিত করে। পরে দেখা যায় এসব বীমা পলিসি হয় সম্পূর্ণ ভুয়া, নয়তো অনুমোদনহীন। দুবাই পুলিশ জানিয়েছে, বৈধ বীমা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং নির্দিষ্ট নিয়ম মেনেই পলিসি ইস্যু করে। তাই কোনো অর্থ পরিশোধের আগে বীমা কোম্পানি বা ব্রোকারের লাইসেন্স ও আইনি বৈধতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

কাতার

রেসিডেন্সি বাতিল হলে কতদিনে কাতার ছাড়তে হবে জানাল কর্তৃপক্ষ

কাতারে কোনো প্রবাসীর রেসিডেন্সি কার্ড বাতিল হলে কতদিনে কাতার ছাড়তে হবে তা জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রবাসীর রেসিডেন্স পারমিট বা আবাসিক অনুমতি বাতিল হলে তাকে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে কাতার ছেড়ে চলে যেতে হবে। যে তারিখে রেসিডেন্সি বাতিল হবে সেই তারিখ থেকে ১৪ দিন ধরতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, রেসিডেন্সি পারমিট বাতিল হওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে কাতার না ছাড়লে অভিবাসন আইন লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হতে পারেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে যেসব ব্যক্তি বৈধভাবে নতুন স্পন্সরশিপে স্থানান্তর, ভিসা পরিবর্তন বা অন্য কোনো অনুমোদিত সিস্টেমের ভেতর রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রবাসীদের উচিত নিজেদের রেসিডেন্স সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ, রিনিউয়াল ও বাতিল সংক্রান্ত তথ্য নিয়মিত যাচাই করা এবং আইনগত জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কর্তৃপক্ষ বলছে, আবাসন ও অভিবাসন সংক্রান্ত নিয়ম মেনে চলা কাতারে বৈধ অবস্থান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Logo