পবিত্র কাবা শরিফের গিলাফে কতটুকু গোল্ড ও সিলভার থাকে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০
আপনি জানেন কি? পবিত্র কাবা শরিফের গিলাফে ব্যবহৃত হয় কত গোল্ড ও সিলভার? বানাতে কাজ করেন কতজন কারিগর? গিলাফটির ওজনই বা কত কেজি?
বড় আশ্চর্যের তথ্য হলো গিলাফটি যে সোনালি রঙের সুতার তৈরি, তাতে থাকে ২৪ ক্যারেট গোল্ডের প্রলেপ। তাতেই ঝলমল করে গিলাফে কারুকার্যখচিত পবিত্র কোরানের আয়াতগুলো।
প্রতি বছর হিজরি নববর্ষের দিনে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয় বিশেষ এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। অপরিসীম যত্ন আর গভীর সতর্কতায় করা হয় গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গিলাফ তৈরির কাজে যুক্ত থাকেন ১৫০ জন রাজকীয় দক্ষ গিলাফ কারিগর, যারা গত ১১ মাস ধরে গভীর নিপুণতার সাথে কাজটি শেষ করেছেন। গিলাফে পবিত্র কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি যেন এক অপূর্ব শিল্পকর্ম, যাতে ফুটিয়ে তোলা হয় কোরআনের ৩০টি আয়াত। ৪৭টি বিলাশবহুল রেশমি কাপড় দিয়ে তৈরি এই গিলাফের ওজনও চমকে যাওয়ার মতো, মানে ১৪১০ কিলোগ্রাম বা ১.৪২ টন, যা কম- বেশি ১৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের সমান। কিন্তু কোন কোন উপাদানে তৈরি হয় কাবার অনিন্দ্যসুন্দর এই গিলাফ?
এই কিসওয়া বা গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় সর্বোৎকৃষ্ট মানের ৮২৫ কিলোগ্রাম প্রাকৃতিক রেশম। বাইরের আবরণের জন্য ৪৭ রোল কালো রেশম, ভেতরের আস্তরনের জন্য ৪০০ কিলোগ্রাম তুলা, সুতার প্রলেপে দেওয়া হয় ৬০ কেজি সিলভার আর ১২০ কিলোগ্রামের গোল্ডের প্রলেপ করা সিলভার।
পবিত্র কাবা শরিফের কিসওয়া ইসলামি শিল্প ও ক্যালিগ্রাফির এক অনন্য নিদর্শন। থুলুথ জালি লিপিতে খোদাই করা কুরআনের আয়াত ও ইসলামি বাণী এর সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করেছে।অনিন্দ্যসুন্দর নকশা ও শৈল্পিক অলঙ্করণের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই লিপিই কিসওয়ার প্রধান বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কাবা শরিফের অভ্যন্তরের দেয়ালও সবুজ কাপড়ে আবৃত, যেখানে থুলুথ ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত ও দোয়া খচিত রয়েছে, যা আধ্যাত্মিকতা ও শিল্পকলার এক অপূর্ব সমন্বয় তুলে ধরে।
আর তাই তো এই গিলাফ বদলানোর সময় পুরো কাজে যুক্ত থাকেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক, যারা গিলাফ পরিবর্তনের কাজটি সুচারুরূপে সম্পন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেন।
logo-1-1740906910.png)