মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ জুন ২০২৬
ইরানকে সমর্থন করায় বাহরাইনে ১২ জনের ১০ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৮:০৩
বাহরাইন
ইরানকে সমর্থন করায় বাহরাইনে ১২ জনের ১০ বছরের কারাদণ্ড
বাহরাইনে ইরানের হামলার সমর্থন, সংবেদনশীল তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ১১টি আলাদা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ইরানের হামলাকে সমর্থন ও উৎসাহিত করা, নিষিদ্ধ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ, গোপন তথ্য সংগ্রহ ও প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্তে সাইবার ক্রাইম ইউনিট কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে, যেখান থেকে হামলার পক্ষে পোস্ট, ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছিল। পরে অভিযুক্তদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ, সাক্ষ্যগ্রহণ এবং জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষা চালানো হয়। আদালত কয়েকজনের বিরুদ্ধে অতিরিক্ত ২ হাজার বাহরাইনি দিনার জরিমানাও করেছে। এছাড়া তাদের কাছ থেকে জব্দকরা মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব
সৌদিতে শুরু হলো মিডডে ওয়ার্ক ব্যান
সৌদিতে ১৫ জুন সোমবার থেকে শুরু হয়েছে মিডডে ওয়ার্ক ব্যান।প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে সৌদি আরবের বেসরকারি খাতে দুপুরে খোলা স্থানে কাজের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গা ও সরাসরি রোদে শ্রমিকদের কাজ করানো যাবে না। শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, তাপজনিত অসুস্থতা এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা কমাতেই প্রতি বছরের মতো এবারো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় নিয়োগকর্তাদের ওয়ার্কিং আওয়ার রিসিডিউল করা, পর্যাপ্ত জিরানোর ব্যবস্থা, ছায়াময় জায়গা এবং পানীয় পানি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে শ্রম আইন অমান্যকারীদের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওমান
ওমানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ১৯ এশীয় নাগরিক আটক
ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১৯ জন এশীয় নাগরিককে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উপকূলীয় এলাকায় সমুদ্রপথে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। নৌকা করে কোন দেশ থেকে তারা ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন তা জানানো হয়নি। এই অভিযানে দক্ষিণ আল বাতিনাহ পুলিশ, ওয়াদি আল মাওয়িল স্পেশাল টাস্ক ইউনিট এবং কোস্টগার্ড যৌথভাবে অংশ নেয়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ওমানজুড়ে সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে দেশে প্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গত বছর জুলাই মাসেও বাংলাদেশিসহ ২৯ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে ওমানে প্রবেশের সময় আটক করা হয়।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাড়বে চাকরির সুযোগ, যুদ্ধ বন্ধে খুশি প্রবাসীরা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি সংযুক্ত আরব আমিরাতের চাকরির বাজারে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের কারণে অনেক প্রতিষ্ঠান নতুন নিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছিল। বিশেষ করে নির্মাণ, লজিস্টিকস, পর্যটন, খুচরা বিক্রয়, প্রযুক্তি ও আর্থিক খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খালিজ টাইমসের খবরে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। শান্তি চুক্তির অগ্রগতির ফলে বাণিজ্য পথ স্বাভাবিক হওয়া, পরিবহন ও বীমা খরচ কমে আসা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন কোম্পানি আবারো নিয়োগ কার্যক্রম শুরু করতে পারে এবং স্থগিত থাকা প্রকল্পগুলো চালু হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ব্যবসায়িক পরিবেশকে আরো শক্তিশালী করবে, যা চাকরিপ্রত্যাশী প্রবাসীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। ইতোমধ্যে শান্তি চুক্তির খবরে উপসাগরীয় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়তে শুরু করেছে। তবে বিশ্লেষকদের মতে, চুক্তি পুরোপুরি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হলে এর প্রকৃত সুফল আরো স্পষ্টভাবে দেখা যাবে।
কুয়েত
হিজরি নববর্ষে উৎসবের আমেজ কুয়েতে
হিজরি নতুন বছর শুরু হয়েছে মুসলিম দুনিয়ায়। কুয়েত সরকার জানিয়েছে, ১৫ জুন সন্ধ্যায় মহররমের চাঁদ দেখা যাওয়ায় আনুষ্ঠানিকভাবে দেশটিতে নতুন বছর হিজরি সন ১৪৪৮ শুরু হয়েছে। একই রকম ঘোষণা এসেছে সৌদি আরব, বাহরাইন, আমিরাতের পক্ষ থেকে। নতুন বছর উপলক্ষে মধ্যপ্রাচ্যের সব দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডারে মহররম মাসও বিশেষ তাৎপর্যপূর্ণ। হিজরি সন ইসলামি বর্ষপঞ্জি, যা মহানবীর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে ভিত্তি করে গণনা করা হয়। মহররম হিজরি বছরের প্রথম মাস এবং ইসলামের চারটি সম্মানিত মাসের একটি। এই মাস ত্যাগ, ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা দেয়। বিশেষ করে কারবালার শোকাবহ ঘটনার কারণে এর গুরুত্ব আরো বেড়েছে। মুসলমানদের জন্য মহররম আত্মসমালোচনা, ইবাদত ও নৈতিক শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সময়।
logo-1-1740906910.png)