Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতাকে স্বাগত জানিয়েছে কাতার

আকবর হোসেন বাচ্চু, কাতার

আকবর হোসেন বাচ্চু, কাতার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:০৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতাকে স্বাগত জানিয়েছে কাতার

ছবি - এআই দিয়ে বানানো

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি আসন্ন চুক্তিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এই অঞ্চলে শান্তি স্থাপন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে কাতার বিশ্বাস করে।

কাতার এই সমঝোতায় পৌঁছাতে পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের প্রচেষ্টা ও ভূমিকার প্রশংসা করেছে। উত্তেজনা প্রশমন এবং উভয় দেশের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য যেসব পক্ষ কাজ করেছে, তাদের প্রতি কাতার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি এক বিবৃতিতে বলেন, কাতার উভয় পক্ষের আগামী দিনের আলোচনার সফলতা কামনা করে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ধাপের আলোচনাগুলো ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।

কাতার পুনরায় নিশ্চিত করেছে, তারা যে কোনো সংকট নিরসনে আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে। আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতি মেনে চলার ওপরও কাতার জোর দিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের উত্তেজনার পর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এই সমঝোতা চুক্তির ঘোষণা দিয়েছেন। চুক্তির অন্যতম প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে উন্মুক্ত রাখা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা। পাকিস্তানসহ মধ্যস্থতাকারী দেশগুলো এই শান্তি স্থাপনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Logo