মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ জুন ২০২৬
বাহরাইনে মিডডে ওয়ার্ক ব্যান চালু হবে সোমবার থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৫:১৩
বাহরাইন
বাহরাইনে মিডডে ওয়ার্ক ব্যান চালু হবে সোমবার থেকে
বাহরাইনে তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৫ জুন সোমবার থেকে কার্যকর হচ্ছে বার্ষিক মিডডে ওয়ার্ক ব্যান। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত খোলা জায়গায় সরাসরি রোদের মধ্যে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না। এই নিয়মের লক্ষ্য হলো অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে হিটস্ট্রোক, তাপজনিত অসুস্থতা এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা কমানো। এ বিষয়ে সচেতনতা বাড়াতে নিরাপত্তা কর্মকর্তা ও তদারককারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা ও প্রচার কার্যক্রমও চালানো হবে নিয়মিতভাবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানাতে জরুরি নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। শ্রম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে নিয়োগকর্তাদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ৫০০ থেকে ১,০০০ বাহরাইন দিনার জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। একাধিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে শাস্তির মাত্রা আরো বাড়বে এবং পুনরায় অপরাধ করলে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।
সৌদি আরব
ওমরাহ সেবায় অনিয়ম, সৌদি আরবে ২১ কোম্পানির কার্যক্রম স্থগিত
সৌদিতে ওমরাহ যাত্রীদের সেবায় গুরুতর অনিয়ম ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ২১টি ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পর্যবেক্ষণ ও পরিদর্শনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীর্থযাত্রীদের জন্য নির্ধারিত সেবা যথাযথভাবে না দেওয়া, আবাসন, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনায় গাফিলতির মতো একাধিক লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ওমরাহ খাতে কোনো ধরনের অবহেলা বা নিয়ম লঙ্ঘন বরদাশত করা হবে না এবং যেসব প্রতিষ্ঠান সেবার মান বজায় রাখতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রণালয় ওমরাহ সেবা প্রদানকারী সব কোম্পানিকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সৌদি সরকারের এই পদক্ষেপকে ওমরাহ যাত্রীদের সেবার মান আরো উন্নত করা এবং ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কুয়েত
কুয়েতে পরিচর্যা কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ, তদন্তের নির্দেশ মন্ত্রীর
কুয়েতের একটি পরিচর্যা কেন্দ্র পরিদর্শনে গিয়ে রান্নাঘর, লন্ড্রি ও সামগ্রিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় বিভিন্ন ত্রুটি ও অব্যবস্থাপনা দেখতে পেয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী। আকস্মিক পরিদর্শনের সময় তিনি কেন্দ্রটির রান্নাঘর, কাপড় ধোয়ার বিভাগ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনে বেশ কিছু ঘাটতি ধরা পড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জোর দিয়ে বলেন, বয়স্ক ও বিশেষ যত্নপ্রয়োজন এমন মানুষের জন্য পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ আরো জোরদার করার কথাও জানান। কুয়েত সরকার জানিয়েছে, পরিচর্যা কেন্দ্রগুলোতে সেবার মান উন্নয়ন এবং বাসিন্দাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
সংযুক্ত আরব আমিরাত
প্রচণ্ড গরমে টায়ার বিস্ফোরণের ঝুঁকি, চালকদের সতর্ক করল আবুধাবি পুলিশ
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় গাড়ির টায়ার নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। ‘সেফ সামার’ সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে তারা জানিয়েছে, নিম্নমানের, পুরোনো বা মানহীন টায়ার ব্যবহার গ্রীষ্মকালে ভয়াবহ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত তাপমাত্রার কারণে টায়ার হঠাৎ বিস্ফোরিত হতে পারে, ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হতে পারেন। সচেতনতা বাড়াতে আবুধাবি পুলিশ চলন্ত গাড়ির টায়ার ফেটে সৃষ্ট কয়েকটি বাস্তব দুর্ঘটনার ভিডিওও প্রকাশ করেছে। কর্তৃপক্ষ চালকদের নিয়মিত টায়ারের অবস্থা পরীক্ষা, উৎপাদনের তারিখ ও মেয়াদ যাচাই, সঠিক বায়ুচাপ বজায় রাখা এবং নির্ধারিত ওজনের বেশি বোঝা বহন না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বা অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত টায়ার দ্রুত পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। আবুধাবি পুলিশ বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে টায়ারের মান ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সচেতনতা ও দায়িত্বশীলতা শুরু হতে হবে চালকের কাছ থেকেই।আমিরাতে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে এখনই গাড়ির পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)