Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ডেলিভারি কর্মীদের জন্য এসি বিশ্রামকেন্দ্র চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৪২

আমিরাতে ডেলিভারি কর্মীদের জন্য এসি বিশ্রামকেন্দ্র চালু

সংযুক্ত আরব আমিরাত গ্রীষ্মকালে ডেলিভারি কর্মীদের সুরক্ষা দিতে দেশজুড়ে ১২ হাজারের বেশি শীতল বিশ্রামকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় (MoHRE) জানিয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকা ‘অকুপেশনাল হিট স্ট্রেস প্রিভেনশন পলিসি’ বা তাপজনিত ঝুঁকি প্রতিরোধ কর্মসূচির আওতায় এসব বিশ্রামকেন্দ্র ডেলিভারি কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। এই সময়ে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গা ও সরাসরি রোদের মধ্যে কাজ করার ওপর নিষেধাজ্ঞা থাকবে। বিশ্রামকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় মৌলিক সুবিধা, ঠান্ডা পরিবেশ ও বিশ্রামের ব্যবস্থা রাখা হবে, যাতে কর্মীরা প্রচণ্ড গরমে নিরাপদে কাজ করতে পারেন। মন্ত্রণালয় জানিয়েছে, এটি টানা চতুর্থ বছরের মতো পরিচালিত একটি মানবিক উদ্যোগ, যা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ডেলিভারি কর্মীরা মোবাইল অ্যাপের ইন্টারঅ্যাকটিভ ম্যাপ ব্যবহার করে তাদের নিকটবর্তী বিশ্রামকেন্দ্র খুঁজে নিতে পারবেন।

এছাড়া কর্মীরা চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিষিদ্ধ সময়ের মধ্যে কাজ চালিয়ে যাওয়া বা সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। এই কর্মসূচিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (RTA), আবুধাবি মোবিলিটি, এমারাত, তালাবাত, ডেলিভারু, নুন, কেয়ারিম, কিটাসহ বিভিন্ন ডেলিভারি প্ল্যাটফর্ম, রেস্টুরেন্ট, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্র ও ক্লাউড কিচেন। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ কর্মীদের তাপজনিত অসুস্থতা থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের উৎপাদনশীলতা ও জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo