Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৪০

কুয়েতে জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীন রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগ দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর এই চক্রটিকে আটক করে। তদন্তে জানা গেছে, তারা সরকারি স্ট্যাম্প জাল করে প্রবাসী শ্রমিক ও কিছু প্রতিষ্ঠানের কাছে সরকারি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল। অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন নথিপত্রে ব্যবহারের জন্য জাল স্ট্যাম্প সরবরাহ করত এবং বিশেষ করে ৫ ও ১০ কুয়েতি দিনার মূল্যমানের স্ট্যাম্প তৈরি ও বিক্রি করছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার, স্ট্যাম্প রোলসহ জাল স্ট্যাম্প তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তদন্তে আরো জানা গেছে, তারা একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল কাগজের রোল চুরি করে সেগুলো ব্যবহার করে জাল স্ট্যাম্প তৈরি করত। গ্রেপ্তার হওয়া পাঁচ বাংলাদেশি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জালিয়াতি, প্রতারণা ও সরকারি নথি জাল করার মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo