Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ আয়োজন

আকবর হোসেন বাচ্চু, কাতার

আকবর হোসেন বাচ্চু, কাতার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৩৪

কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ আয়োজন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ঐতিহাসিক নির্বাচিত হওয়া এবং দীর্ঘ চার দশক পর এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের গৌরবময় প্রত্যাবর্তন উপলক্ষে কাতারে উদযাপিত হলো বিশেষ অনুষ্ঠান। গত ১০ জুন ২০২৬ সন্ধ্যায় দোহাস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দূতাবাসের উপপ্রধান ওয়ালিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক ও বাংলাদেশের এই অর্জনের কৌশলগত গুরুত্ব তুলে ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম।

আলোচনা সভায় অংশ নিয়ে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বক্তাদের মধ্যে আনোয়ার হোসেন আকন্দ, শরিফুল হক সাজু, আনোয়ার হোসেন, আরিফুদ্দৌলা পালোয়ান, মাওলানা ইউসুফ, মহিউদ্দিন কাজল, নুরুল কবির চৌধুরী এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্যরা বাংলাদেশের এই বৈশ্বিক প্রাপ্তিকে জাতীয় গর্ব হিসেবে অভিহিত করেন। সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন, "এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের শক্তিশালী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ এখন আরো সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনে সক্ষম।" তিনি এই অর্জনের নেপথ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শ্রম কাউন্সিলর মাসহুদুল কবিরের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গানে দর্শকদের মুগ্ধ করেন জেমসসহ স্থানীয় শিল্পীরা। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

সবশেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই কূটনৈতিক সাফল্যে বাংলাদেশ দূতাবাস দেশের জনগণ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব প্রবাসী বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

Logo