সৌদির বাজার থেকে ময়লা-ছেঁড়া নোট তুলে নেওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:৪৫
সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক দেশটির সব ব্যাংক, ক্যাশ সেন্টার ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে বাজারে প্রচলিত সৌদি রিয়াল নোটের মান উন্নত করার নির্দেশ দিয়েছে। একই সাথে বাজার থেকে ক্রটিপূর্ণ, ময়লা-ছেড়া নোট তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে আরো কঠোর বাছাই ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু করা হবে। আগামী ১৪ জুলাই ২০২৬ থেকে ৫০, ১০০, ২০০ ও ৫০০ রিয়াল মূল্যমানের ষষ্ঠ সংস্করণের নোট নতুন নিয়মে বাছাই করা হবে, আর ৫, ১০ ও ২০ রিয়ালের নোটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ১৫ নভেম্বর ২০২৬ থেকে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব নগদ গণনা ও বাছাই যন্ত্রকে নির্ধারিত কারিগরি মান অনুযায়ী পরিচালনা করতে হবে, যাতে বাজারে পরিষ্কার ও ভালো মানের নোট প্রচলন নিশ্চিত করা যায়। নতুন মানদণ্ড অনুযায়ী অতিরিক্ত ময়লাযুক্ত, বড় দাগযুক্ত, লেখা বা আঁকিবুকি করা, পরিচয়চিহ্নযুক্ত, বড় ছিদ্র, ছেঁড়া অংশ, ভাঁজ, টেপ লাগানো বা কোনো অংশ অনুপস্থিত থাকা নোট বাজার থেকে সরিয়ে নিতে হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক নোটগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করেছে; যথা- চলাচলের উপযোগী, সামান্য ত্রুটি থাকলেও উপযোগী, ত্রুটি থাকায় অনুপযোগী এবং সম্পূর্ণ অনুপযোগী। কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে, তারা নিয়মিতভাবে বাজারে থাকা নোটের অবস্থা পর্যবেক্ষণ করবে, বাতিল নোট ধ্বংসের পরিমাণ পর্যালোচনা করবে এবং ব্যাংকগুলোর বাছাই যন্ত্র ও কার্যক্রম নতুন নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, তা তদারকি করবে।
logo-1-1740906910.png)