মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ জুন ২০২৬
বাহরাইনে অভিযান, ৩২৪ জন অবৈধ প্রবাসী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৫:০৭
বাহরাইন
বাহরাইনে অভিযান, ৩২৪ জন অবৈধ প্রবাসী বহিষ্কার
বাহরাইনে পুরো মে মাসে অভিবাসন অভিযানে ৩২৪ জন অবৈধ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় শ্রম ও আবাসন আইন ভাঙার জন্য ১২৯ জন প্রবাসীকে আটক করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু বলা হয়নি। গত মে মাসজুড়ে চলমান অভিযানে ৪ হাজার তিনটি ইন্সপেকশন ক্যাম্পেইন পরিচালনা করা হয়। দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি বিভিন্ন সংশ্লিষ্ট বাহিনীর সাথে যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। দেশের বিভিন্ন গভর্নরেট যেমন ক্যাপিটাল গভর্নরেটে ৪৮টি, মুহহারাকে ২৫টি, উত্তর ও দক্ষিণ গভর্নরেটে ২৬টি ও দক্ষিণ গভর্নরেটে ২৫টি অভিযান চালানো হয়। তাছাড়া বিভিন্ন মার্কেট ও দোকানপাটে ইন্সপেকশন চালানো হয়। অভিযানের সময় প্রবাসীদের কাছ থেকে তাদের ওয়ার্ক পারমিট, রেমিডেন্সি পারমিটের কাগজপত্র দেখেন কর্মকর্তারা। সংবেদনশীল এই সময়ে সাবধান থাকা, দরকারি সব কাগজপত্র হালনাগাদ রাখাকে জরুরি বলছেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও।
কুয়েত
কুয়েতে তার চুরির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কুয়েতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মিসর ও বাংলাদেশের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন জায়গা থেকে বিদ্যুতের তার চুরি করে সেগুলো বিক্রি করছিল। দীর্ঘদিন নজরদারির পর তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, তামার সামগ্রী ও তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একাধিকবার বৈদ্যুতিক অবকাঠামো থেকে তার চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের একপর্যায়ে চুরি করা মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদামেরও সন্ধান পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, গুদামটি পৌরসভা ও অগ্নি নিরাপত্তা বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। পরে কুয়েত ফায়ার ফোর্স গুদামটি বন্ধ করে দেয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসম্পদের ক্ষতি ও অবকাঠামো চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে সড়ক দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৭ জন
আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিক বহনকারী একটি মিনিবাস রাস্তার মধ্যে হঠাৎ থেমে যাওয়া একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। বাস ও ট্রাকের দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে হঠাৎ থেমে গিয়েছিল। আর বাসচালক অমনোযোগী ছিলেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেননি, যার ফলে পেছন থেকে ট্রাকটির সাথে সংঘর্ষ হয় এবং হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর এবং চারজনের মাঝারি। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে গালফ নিউজের খবরে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। দুবাই ট্রাফিক বিভাগ থেকে সতর্ক করা হয়েছে, রাস্তায় গাড়ি বন্ধ বা বিকল হওয়া ট্রাফিক অপরাধগুলোর মধ্যে অন্যতম।
ওমান
ওমানে তীব্র গরমের মৌসুম শুরু, সতর্ক করলেন চিকিৎসকরা
ওমানে তীব্র গরমের মৌসুম শুরু হয়েছে। ফলে দেশটির চিকিৎসকরা বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। ওমানে চলতি গরমের মৌসুম স্বাভাবিকের তুলনায় আরো বেশি গরম ও শুষ্ক হতে পারে বলে সতর্ক করেছে দেশটির National Multi-Hazard Early Warning Centre। সর্বশেষ মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, জুন থেকে আগস্ট পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ মৌসুমি গড়ের চেয়ে কম থাকবে। একই সঙ্গে এই তিন মাসে তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকারও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে এবং কিছু স্থানে তা ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। ইতোমধ্যে দিমা ওয়াত তাইয়িন এলাকায় সর্বোচ্চ ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সামাইলে তাপমাত্রা ছিল ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উচ্চচাপ বলয় ও শুষ্ক উত্তর-পশ্চিমা বাতাসের প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় চিকিৎসকরা বাসিন্দাদের পর্যাপ্ত পানি খাওয়া, সরাসরি রোদে দীর্ঘ সময় না থাকা এবং বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়াই ভালো।
logo-1-1740906910.png)