ওমানে গরমের এই সময়ে বাসাবাড়ি, রেস্টুরেস্ট বা ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার নিয়ে নাড়াচাড়া ও রক্ষণাবেক্ষণে সতর্কবার্তা দিয়েছে দেশটির প্রশাসন। কর্তৃপক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বাসিন্দাদের গ্যাস সিলিন্ডার নিয়ে নিরাপত্তা বিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে। গ্যাস সিলিন্ডার নিয়ে কর্তৃপক্ষের পরামর্শ এলো এমন একটা সময়, যখন গত ৭ জুন ওমানের আল আমেরাত এলাকায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে খবর দিয়েছে টাইমস অব ওমান। হতাহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
খবরে বলা হয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, যার ফলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের কোনো অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে গ্যাস সিলিন্ডারের যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)