মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ জুন ২০২৬
বাহরাইনে আশুরা উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৪:২৪
বাহরাইন
বাহরাইনে আশুরা উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা
বাহরাইনে আসন্ন আশুরা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানগুলোর পবিত্রতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, আশুরা একটি ধর্মীয় উপলক্ষ এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় সমাবেশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, আইন ও বিধিবিধানের আওতায় থেকে জনগণের অংশগ্রহণ ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় সরকার পূর্ণ সহযোগিতা করবে। বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, আশুরার অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা সবার দায়িত্ব।
সৌদি আরব
সৌদিতে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা অনিয়মে বিপুল জরিমানা
সৌদি আরবে প্রবাসী কর্মীদের মেডিকেল পরীক্ষার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে কঠোর নজরদারি শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী কর্মীদের জন্য পরিচালিত স্বাস্থ্য পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, ভুয়া রিপোর্ট, ভুল তথ্য প্রদান বা নির্ধারিত নিয়ম লঙ্ঘনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। শুধু জরিমানাই নয়, গুরুতর অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৬০ দিনের জন্য বন্ধ করে দেওয়া বা তাদের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই অভিযানের মূল লক্ষ্য হলো প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, ল্যাবরেটরির যন্ত্রপাতি সঠিকভাবে ক্যালিব্রেট ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা এবং পরীক্ষার সঙ্গে জড়িত কর্মীদের দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করা। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো অনৈতিক বা অবৈধ কার্যক্রম বন্ধ করতেও নজরদারি জোরদার করা হয়েছে।
কুয়েত
কুয়েতে ব্যাচেলরদের অবৈধ বাসাবাড়িতে অভিযান
কুয়েতে অবৈধভাবে প্রবাসী ব্যাচেলরদের বাসা হিসেবে ব্যবহার করা বাড়িঘরের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির পৌরসভা। ৬ জুন পরিচালিত অভিযানে আহমাদি গভর্নরেটের সাবাহ আল-আহমাদ মেরিন সিটি এলাকায় পরিদর্শন চালিয়ে ২৫টি আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক আবাসিক এলাকার জন্য নির্ধারিত বাড়ি ও ভবনগুলোকে ব্যাচেলর শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহার করা কুয়েতের আবাসন আইনবিরোধী। এ ধরনের বসবাস স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে বলে সরকার দীর্ঘদিন ধরেই বিষয়টি পর্যবেক্ষণ করছে। কুয়েত পৌরসভার প্রকৌশল তদারকি ও অনুসরণ বিভাগ জানিয়েছে, বিভিন্ন গভর্নরেটে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেসব মালিক বা ভাড়াটিয়া আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের লক্ষ্য হলো আবাসিক এলাকাগুলোর নির্ধারিত ব্যবহার নিশ্চিত করা, জননিরাপত্তা বজায় রাখা এবং নগর পরিকল্পনা আইন কার্যকর করা। কুয়েতে সাম্প্রতিক সময়ে অবৈধ আবাসন, শ্রমিকদের অননুমোদিত বাসস্থান এবং আবাসিক এলাকার নিয়ম ভঙ্গের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে হারানো টাকা ফিরে পেয়ে আপ্লুত প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে এক প্রবাসীর পাঁচ বছরের জমা করা অর্থ ভর্তি ব্যাগ হারিয়ে যাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে সেটি উদ্ধার করেছে শারজাহ পুলিশ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওই আরব প্রবাসী নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি একটি ট্যাক্সিতে আসার সময় ভুল করে তার ব্যাগটি গাড়িতেই ফেলে চলে আসেন। পরে বুঝতে পেরে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শারজাহ পুলিশের অপরাধ তদন্ত ও বন্দর নিরাপত্তা বিভাগ তৎপর হয়ে ওঠে। তারা আধুনিক নজরদারি ক্যামেরা ও স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থার সাহায্যে ট্যাক্সিটির গতিপথ শনাক্ত করে অল্প সময়ের মধ্যেই ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। সেই ট্যাক্সি চালক ব্যাগের ভেতরে ছিল সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর কাজ করে জমানো পুরো অর্থ। ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত ওই প্রবাসী শারজাহ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্থ শুধু টাকা নয়, বরং বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ এবং পরিবারের ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক।
logo-1-1740906910.png)