সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আবারো বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সাত দিনের ব্যবধানে মোট ৭ হাজার ৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পরিচালিত এই অভিযানের তথ্য শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চার হাজার ৬০ জন আবাসন আইন ভঙ্গ করেছেন। দুই হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করেছেন এবং এক হাজার ১২৬ জন শ্রম আইন ভঙ্গ করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ২৮ শতাংশ ইয়েমেনের। বাকি দুই শতাংশ অন্যান্য দেশের।
অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরো ২৫ জনকে আটক করা হয়েছে।
ইতোমধ্যে চার হাজার ৬৯০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আউটপাস বা ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের দূতাবাসে পাঠানো হয়েছে। আরো ৮৫০ জন ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছেন। বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযানে অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িও জব্দ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সংক্রান্ত কোনো অনিয়ম দেখলে সাধারণ মানুষকে তথ্য দিতে হবে। তারা বলছে, অবৈধ অভিবাসন রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)