সৌদি আরবে দ্রুত এগোচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের কাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:১২
সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন জিইসি টাওয়ার বিশ্বের নতুন সর্বোচ্চ ভবন হিসেবে দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ ১০২ তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এটি এক কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছাবে।
গত বছরের নভেম্বরে ভবনটি ৬৯ তলা পর্যন্ত উঠেছিল। কয়েক মাসের মধ্যেই তা ১০০ তলা অতিক্রম করেছে। বর্তমানে বিশ্বের মাত্র ২৫টি ভবন ১০০ তলার বেশি উচ্চতায় পৌঁছেছে।
স্থপতি এড্রিয়ান স্মিথ ও গর্ডন গিলের নকশায় তৈরি এই ভবনটিতে থাকবে অন্তত ১৫৭ তলা। এটি দুবাইয়ের বুর্জ খলিফার চেয়ে অনেক উঁচু হবে। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার, আর জিইসি টাওয়ার হবে এক কিলোমিটারেরও বেশি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (৫৪১ মিটার) প্রায় দ্বিগুণ উচ্চতায় দাঁড়াবে এটি।
প্রকৌশল প্রতিষ্ঠান থরন্টন টমাসেটি জানিয়েছে, ভবনটির কাঠামোতে বিশেষ কংক্রিটভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ৫ মিটার পুরু কংক্রিটের ভিত্তি এবং ২৭০টি গভীর পাইলের ওপর দাঁড়ানো এই টাওয়ার বাতাস ও ভারী চাপ সামলাতে সক্ষম হবে।
ভবনটিতে থাকবে বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ কেন্দ্র, বিলাসবহুল হোটেল, অফিস স্পেস এবং অভিজাত অ্যাপার্টমেন্ট। মোট ৫.৭ মিলিয়ন বর্গফুট জায়গাজুড়ে তৈরি হবে এই স্থাপনা। ভবনের ভেতরে থাকবে ৫৯টি লিফট।
জিইসি টাওয়ার সৌদি আরবের অন্যতম গিগাপ্রকল্প। দেশটি পর্যটন খাতকে বিশ্বমানের করতে চায়। যদিও অন্যান্য প্রকল্প যেমন ‘দ্য লাইন’ বা ‘মুকাব’ বাতিল বা সীমিত করা হয়েছে, জিইসি টাওয়ার এখন দৃঢ়ভাবে এগোচ্ছে। দীর্ঘ বিলম্বের পর প্রকল্পটি আবারো গতি পেয়েছে এবং সৌদি কর্তৃপক্ষ এর উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
জেদ্দার ব্যস্ততম বন্দর নগরীতে এই টাওয়ার নতুন নগর উন্নয়ন প্রকল্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়াবে। এটি শুধু সৌদি আরব নয়, বরং বিশ্বের স্থাপত্য ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।
logo-1-1740906910.png)