কুয়েত এয়ারওয়েজ সাময়িকভাবে সব কার্যক্রম স্থগিত করেছে। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল ভবন ও রানওয়েতে আঘাত হানায় কয়েকজন আহত হয়েছেন।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার পরপরই জরুরি পরিকল্পনা চালু করে। সব ফ্লাইট স্থগিত করা হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর কার্যক্রম বন্ধ রাখা হয়।
জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের নতুন সময় জানানো হবে। টিকিট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর কিছু কুয়েতের দিকে ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয় বা মাঝপথে ভেঙে পড়ে। বাহরাইনের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইন প্রতিরক্ষা বাহিনী আটক করে। যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালায় ইরানের কেশম দ্বীপে।
কুয়েত এয়ারওয়েজ ছাড়াও ভারতের ইন্ডিগোসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স কুয়েতগামী ও কুয়েত থেকে ছেড়ে আসা সব ফ্লাইট স্থগিত করেছে। কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে।
কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের জানিয়েছে, তথ্য জানতে তারা স্থানীয়ভাবে ১৭১ নম্বরে এবং আন্তর্জাতিকভাবে +96524345555 নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া WhatsApp: +9651802050 এর মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।
logo-1-1740906910.png)