মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ জুন ২০২৬
বাহরাইনে জরুরি সাইরেন, জনগণকে শান্ত থাকার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৯:২৪
বাহরাইন
বাহরাইনে জরুরি সাইরেন, জনগণকে শান্ত থাকার আহ্বান
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইলের হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এসব মিসাইল আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনায় দেশটিতে কোনো ধ্বংসযজ্ঞ বা হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বাহরাইনে গভীর রাতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। তবে তাৎক্ষণিকভাবে সাইরেন বাজানোর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জনগণকে গুজবে কান না দিয়ে কেবল সরকারি সূত্র থেকে তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম আরো জানিয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। তাদের দাবি, বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনার দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। সেন্টকম আরো জানায়, আঞ্চলিক জলসীমায় চলাচলকারী বেসামরিক জাহাজগুলোর দিকে পাঠানো তিনটি আক্রমণাত্মক ড্রোনও ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি আত্মরক্ষার অংশ হিসেবে ইরানের কেশম দ্বীপে একটি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।বর্তমান পরিস্থিতিতে বাহরাইনের বিভিন্ন সরকারি সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মার্কিন বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে। সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে বাহিনী এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কুয়েত
কুয়েতের বিমানবন্দরে হামলা, বহু আহত হওয়ার খবর
কুয়েতের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। দেশটির বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ৬৩ জন। বিমানবন্দরের বাইরে ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে- ছিটিয়ে থাকতে গেছে। সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় কুয়েতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে। সবশেষ খবরে জানা গেছে, টার্মিনাল ফোর থেকে আবারো ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশটির আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানেনি। তবে আঞ্চলিক সংঘাতের প্রভাবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা ভগ্নাংশ কুয়েতের বিভিন্ন এলাকায় পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে কুয়েত সেনাবাহিনী সাধারণ জনগণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি কোনো অজানা ধাতব বস্তু, ক্ষেপণাস্ত্রের অংশ, ড্রোনের ধ্বংসাবশেষ বা সন্দেহজনক কোনো বস্তু দেখতে পান, তাহলে সেটিতে হাত দেওয়া, সরানো বা কাছাকাছি যাওয়ার চেষ্টা করা যাবে না। এসব বস্তুতে বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান থাকতে পারে, যা মানুষের জীবন ও সম্পদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
সৌদি আরব
দুর্নীতিবিরোধী অভিযানে সরকারি কর্মকর্তা ও প্রবাসী আটক
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১৬০ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এসব গ্রেফতারের তালিকায় আছেন প্রবাসীরাও। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা নাজাহা জানিয়েছে, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নাজাহার এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তের পর এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি বিভাগ এবং নিরাপত্তা সংস্থার কর্মীরাও রয়েছেন। পাশাপাশি কতজন প্রবাসীকে এই ঘটনায় আটক করা হয়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। অভিযানের সময় বেশ কয়েকজন কর্মকর্তাকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া এ সময় ৪৮০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি চুক্তি ও সেবা প্রদানের ক্ষেত্রে অনিয়ম, ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি এবং অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক তদন্তে পর্যাপ্ত প্রমাণ মিলেছে বলে জানিয়েছে নাজাহা। দুর্নীতিবিরোধী সংস্থাটি বলছে, সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যে পদেই থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওমান
ওমানে তীব্র গরমে জরুরি সতর্কতা জারি
ওমানে তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক এলাকায় তা ৪৮ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, বর্তমানে ওমানজুড়ে গরমের তীব্রতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বিশেষ করে অভ্যন্তরীণ অঞ্চল ও মরুভূমি এলাকাগুলোতে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এর ফলে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং গরমজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিভিল এভিয়েশন অথরিটি নাগরিক ও প্রবাসীদের অপ্রয়োজনে দিনের বেলায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে দুপুরের সময় সরাসরি রোদে দীর্ঘক্ষণ অবস্থান না করতে বলা হয়েছে। বাইরে বের হলে পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরিধান এবং সূর্যের তাপ থেকে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। যানবাহনের ভেতরে শিশু বা পোষা প্রাণীকে একা রেখে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। কারণ অল্প সময়ের মধ্যেই গাড়ির ভেতরের তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
এ বছর আমিরাতে বেশি গরমের পূর্বাভাস
সংযুক্ত আরব আমিরাতে এ বছর গ্রীষ্মকাল স্বাভাবিকের তুলনায় বেশি গরম হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন এবং এল নিনো-পরবর্তী জলবায়ুগত প্রভাবের কারণে ২০২৬ সালের গ্রীষ্মে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে থাকতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গ্রীষ্মকালের তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরও তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন, জুলাই ও আগস্ট মাসে অনেক এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো আবহাওয়া ব্যবস্থার প্রভাব কমে এলেও এর দীর্ঘমেয়াদি জলবায়ুগত প্রভাব এখনো অনুভূত হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের কারণে গরমের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। ফলে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকতে পারে। কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসীদের গরম মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে দুপুরের দিকে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রমিক ও বাইরে কাজ করা ব্যক্তিদের জন্যও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
logo-1-1740906910.png)