মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ জুন ২০২৬
বাহরাইনে চরম আবহাওয়া, সতর্ক থাকতে হবে প্রবাসীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৫:১৭
বাহরাইন
বাহরাইনে চরম আবহাওয়া, সতর্ক থাকতে হবে প্রবাসীদের
বাহরাইনে ‘আল বারাহ’ নামে পরিচিত শক্তিশালী মৌসুমি বাতাসের ফলে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া, ধুলাবালুময় পরিবেশ এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বাতাসের প্রভাবে দৃষ্টিসীমা কমে যেতে পারে এবং কিছু এলাকায় ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এই পরিবেশ থাকবে বেশ কিছু দিন। এমন আবহাওয়া কিছু মানুষের জন্য অসুবিধার কারণ হতে পারে। বিশেষত যাদের অ্যালার্জি আছে। তাই ধুলাবালুর কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করা এবং বাইরে বের হলে সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাহরাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শক্তিশালী বাতাসের কারণে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার কারণে জেলেদের, নৌযান চালকদের এবং সমুদ্রে যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট নৌযানগুলোকে প্রয়োজন ছাড়া সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ও সতর্ক অবস্থায় থাকতে হবে।
ওমান
ওমানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
ওমানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, আল বাতিনাহ অঞ্চলের বারকা এলাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বর্তমানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ওমানের সিভিল এভিয়েশন অথরিটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, বারকার পাশাপাশি আল সুয়াইক এলাকায় ৪৮ দশমিক ৮ ডিগ্রি, ওয়াদি আল মাওয়িলে ৪৮ ডিগ্রি এবং সাহাম ও বিদবিদ এলাকায় ৪৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলেও তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের শুরুতেই এমন চরম তাপমাত্রা দেশটির বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। খোলা স্থানে কাজ করা শ্রমিক, নির্মাণকর্মী এবং বাইরে চলাচলকারী মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের অপ্রয়োজনে রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। গরমের মৌসুম শুরু হওয়ায় আগামী দিনগুলোতেও তীব্র গরম অব্যাহত থাকতে পারে।চলমান তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় ইতোমধ্যে ওমানে দুপুরে কর্মবিরতি কার্যকর হয়েছে।
কুয়েত
কুয়েতে জুয়া খেলতে গিয়ে হাতেনাতে ধরা
কুয়েতে কোরবানির ঈদের ছুটিতে জুয়া খেলার অভিযোগে ২০ জন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের তথ্যের ভিত্তিতে রাজধানীর জিলিব আল-শুইউখ এলাকায় একটি বাড়িতে জুয়া খেলার আয়োজন করা হচ্ছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০ জন প্রবাসীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রবাসীরা এশিয়ান বলা হলেও তারা কোন দেশের তা জানানো হয়নি।গ্রেপ্তারের পর তাদের প্রশাসনিক বহিষ্কার বিভাগে পাঠানো হয়েছে এবং কুয়েত থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রশাসনিক বহিষ্কার বিভাগে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বায়োমেট্রিক ও আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এর ফলে তারা ভবিষ্যতে শুধু কুয়েতেই নয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্য কোনো দেশেও প্রবেশের অনুমতি পাবেন না।
সৌদি আরব
সৌদিতে বিভিন্ন সেক্টরে সৌদিকরণের ঘোষণা
সৌদি আরবের বিভিন্ন সেক্টরে সৌদিকরণের ঘোষণা এসেছে। দেশটির সরকারি ও বেসরকারি খাতের ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা খাতে কর্মরতদের জন্য নতুন কর্মসংস্থান নীতি কার্যকর হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ১ জুন থেকে প্রকিউরমেন্ট বা ক্রয়সংক্রান্ত পেশাগুলোতে ৭০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্রয় ব্যবস্থাপক, ক্রয় বিশেষজ্ঞ, চুক্তি বিশেষজ্ঞ, টেন্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন পদে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে। এর ফলে সৌদি নাগরিকদের নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে। কমে যাবে এসব খাতে প্রবাসীদের চাকরির সুযোগ। মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শ্রমবাজারে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, বেকারত্ব কমানো এবং গুরুত্বপূর্ণ পেশাগুলোতে স্থানীয় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে বিভিন্ন খাতে ধাপে ধাপে সৌদিকরণ বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে প্রকৌশল, হিসাবরক্ষণ, বিক্রয়, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য বেশ কয়েকটি পেশাতেও সৌদিকরণ নীতি কার্যকর করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের বিমানবন্দরে সেলফি-টিকটকে নিষেধাজ্ঞা
সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ভ্রমণকারী যাত্রীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। বিমানবন্দর, রানওয়ে, নিরাপত্তা চৌকি কিংবা বিমান পরিচালনা সংক্রান্ত সংবেদনশীল এলাকায় সেলফি তোলা বা ভিডিও রিল তৈরি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারেন যাত্রীরা। এমনকি গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘নো-ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করারও সুযোগ রয়েছে।বিমান চলাচল বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য বিমানবন্দরের ভেতরে ছবি ও ভিডিও ধারণ করেন। তবে নিরাপত্তা সংক্রান্ত কিছু এলাকা, চেকপয়েন্ট, কর্মীদের কার্যক্রম, ককপিট, এয়ার ট্রাফিক কন্ট্রোল সুবিধা বা অন্যান্য সীমাবদ্ধ স্থানের ছবি বা ভিডিও ধারণ করা বিভিন্ন দেশের আইনে নিষিদ্ধ। এসব তথ্য অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ভারতগামী যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, বিমানবন্দরে কনটেন্ট তৈরির সময় স্থানীয় আইন ও বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রেই যাত্রীরা অজান্তে এমন স্থান বা কার্যক্রম ভিডিওতে ধারণ করেন, যা নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে
logo-1-1740906910.png)