ঈদে বিগ টিকিটে ভাগ্য খুলল বাংলাদেশিসহ চার প্রবাসীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৮:৩৯
ঈদুল আজহার আনন্দকে আরো বাড়িয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র। এবারের ড্রতে বাংলাদেশিসহ চারজন প্রবাসী সৌভাগ্যবান হয়েছেন। তারা প্রত্যেকে জিতেছেন ২৫ হাজার দিরহাম করে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিজয়ীদের মধ্যে রয়েছেন এক পাকিস্তানি সাইট সুপারভাইজার, এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক, ছুটিতে দেশে থাকা এক ভারতীয় নাগরিক এবং কাতারে বসবাসরত এক ফিলিপিনো। তারা সবাই অনলাইনে ড্র নম্বর ২৮৭-এর টিকিট কিনেছিলেন।
পাকিস্তানের মুহাম্মদ আনোয়ার উল হক প্রায় তিন দশক ধরে শারজাহে বসবাস করছেন। সাইট সুপারভাইজার হিসেবে কাজ করা এই প্রবাসী দুই দশক ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন। অবশ দীর্ঘ অপেক্ষার পর তার ভাগ্য খুলেছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব।”
বাংলাদেশি নির্মাণ শ্রমিক মোহন মিয়া তিন বছর ধরে ইউএইতে কাজ করছেন। পরিবার এখনো বাংলাদেশে রয়েছে। বন্ধুদের সঙ্গে মিলে নিয়মিত টিকিট কিনতেন তিনি। বিজয়ীর ফোন পাওয়ার মুহূর্তটি তার কাছে ছিল অবিশ্বাস্য। মোহন জানান, তার প্রধান লক্ষ্য পরিবারের জীবনমান উন্নত করা এবং দেশে থাকা স্বজনদের সহায়তা করা।
ভারতীয় নাগরিক আরিপুরাথ শানাভাস আবদুলরহিমান ছুটিতে ভারতে অবস্থানকালে জানতে পারেন তিনি বিজয়ী হয়েছেন। ফলে তার ছুটি হয়ে ওঠে আরো স্মরণীয়। তিনি অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে সৌভাগ্যবানদের তালিকায় যুক্ত হয়েছেন।
কাতারপ্রবাসী ফিলিপিনো নাগরিক জোয়েল বাতাওও এই তালিকায় রয়েছেন। তিনি অনলাইনে টিকিট কিনেছিলেন এবং কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
ঈদের দিনে বিগ টিকিটের এই জয় প্রবাসীদের জীবনে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। কঠোর পরিশ্রমী জীবন থেকে উঠে আসা শ্রমিকদের জন্য এমন পুরস্কার শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং তাদের জীবনে আশার আলোও জ্বালায়।
logo-1-1740906910.png)