Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে বিদেশিদের জন্য ভিসা সংক্রান্ত নতুন ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৮:৩৮

কাতারে বিদেশিদের জন্য ভিসা সংক্রান্ত নতুন ঘোষণা

কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আঞ্চলিক সংকটের কারণে গত মার্চে যে বিশেষ সুবিধা চালু করা হয়েছিল, তা আগামী ৭ জুন থেকে আর কার্যকর থাকবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন, প্রয়োজনীয় ফি পরিশোধ বা দেশ ত্যাগ না করলে বিদেশি নাগরিকরা আইনি জটিলতা ও জরিমানার মুখে পড়তে পারেন।

গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা, আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের কারণে অনেক বিদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তখন কাতার সরকার বিশেষ ছাড় দিয়ে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সাময়িক সময় বৃদ্ধি করেছিল। কিন্তু সেই সুবিধা ৭ জুন থেকে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ মার্চ থেকে কার্যকর হওয়া এই বিশেষ সুবিধা ছিল সাময়িক। এখন থেকে আবারো ভিসার স্বাভাবিক মেয়াদ, নবায়নের নিয়ম এবং নির্ধারিত ফি কার্যকর হবে। মন্ত্রণালয় বাসিন্দা, ভ্রমণকারী এবং সংশ্লিষ্ট সবাইকে তাদের আইনগত অবস্থান বৈধ রাখার আহ্বান জানিয়েছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন, ফি পরিশোধ অথবা ভিসার মেয়াদ শেষ হলে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভিসা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করলে কাতারের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখে পড়তে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে জরিমানা বা অন্যান্য শাস্তি হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিদেশি শ্রমিক ও প্রবাসীদের জন্য বড় চাপ তৈরি করবে। বিশেষ করে যারা আঞ্চলিক অস্থিরতার কারণে দেশে ফিরতে পারেননি বা ফ্লাইট বাতিলের কারণে আটকে পড়েছিলেন, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তারা আইনি সমস্যায় পড়তে পারেন।

Logo