Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ মে ২০২৬

বাহরাইনে নতুন ডেলিভারি বাইক লাইসেন্স স্থগিতের প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৬:১৫

বাহরাইনে নতুন ডেলিভারি বাইক লাইসেন্স স্থগিতের প্রস্তাব

বাহরাইন

বাহরাইনে নতুন ডেলিভারি বাইক লাইসেন্স স্থগিতের প্রস্তাব

বাহরাইনে নতুন ডেলিভারি বাইকের লাইসেন্স সাময়িকভাবে বন্ধের প্রস্তাব উঠেছে। দেশটির পার্লামেন্ট সদস্যরা বলছেন, দ্রুত বাড়তে থাকা ডেলিভারি সেবার কারণে সড়কে অনিরাপদ ও প্রশিক্ষণহীন চালকের সংখ্যা বেড়ে গেছে, যা ট্রাফিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে। স্থানীয় গণমাধ্যম নিউজ অব বাহরাইন জানিয়েছে, এমপি মোহাম্মদ জানাহি নতুন ডেলিভারি বাইকের পারমিট সাময়িকভাবে স্থগিতের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা, চালকদের প্রশিক্ষণ এবং যানবাহনের মান নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, ডেলিভারি খাতে প্রযুক্তিগত, পেশাগত ও ট্রাফিক সংক্রান্ত বাধ্যতামূলক নিয়ম চালুর বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংসদ সদস্যদের দাবি, অতিরিক্ত ডেলিভারি বাইক রাজধানীসহ বিভিন্ন এলাকায় যানজট ও সড়ক বিশৃঙ্খলা বাড়িয়ে তুলছে।এদিকে প্রস্তাবটি বাস্তবায়ন হলে বাহরাইনে নতুন করে ডেলিভারি ব্যবসায় প্রবেশ এবং নতুন কর্মী নিয়োগে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সৌদি আরব

সৌদিতে হজের সময় তাপপ্রবাহ নিয়ে হাজিদের বাড়তি সতর্কতার পরামর্শ

সৌদিতে হজের গুরুত্বপূর্ণ সময় ঘনিয়ে আসতেই পুরো দেশজুড়ে জারি করা হয়েছে দাবদাহের সতর্কবার্তা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এমন বাস্তবতার মধ্যেই হজের জন্য সৌদি পৌঁছেছেন সারা বিশ্বের ১৫ লাখ ধর্মপ্রাণ হাজি। তীব্র গরমের মধ্যে লাখ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মিনা, আরাফাত ও মুজদালিফাসহ বিভিন্ন পবিত্র স্থানে ৮টি বিশেষ আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন চালু করেছে, যেগুলো রিয়েল টাইমে তাপমাত্রা, বাতাসের গতি ও চরম আবহাওয়ার পরিস্থিতি মনিটর করবে। একই সঙ্গে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের বারবার সতর্ক করে বলছে, ছাতা ব্যবহার করা এখন শুধু পরামর্শ নয়, বরং এটি জীবন রক্ষার গুরুত্বপূর্ণ উপায়। কারণ হিটস্ট্রোকের ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা হাজিদের দুপুরের প্রচণ্ড রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত বিশ্রাম নেওয়া এবং নির্ধারিত স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সৌদি সরকার জানিয়েছে, এবারের হজে তাপজনিত দুর্ঘটনা ঠেকাতে কুলিং সিস্টেম, ওয়াটার স্টেশন, ছায়াযুক্ত পথ, মেডিকেল টিম ও জরুরি সেবাও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। 


কুয়েত

কুয়েতে পশুর বাজারে অস্থিরতা; পশু কম, ক্রেতা বেশি

কুয়েতে ঈদুল আজহা সামনে রেখে স্থানীয় জাতের ভেড়ার বাজারে দেখা দিয়েছে রীতিমতো দামের বিস্ফোরণ। বাজার ব্যবসায়ীরা বলছেন, জনপ্রিয় স্থানীয় “নাইমি” জাতের ভেড়ার দাম এখন অনেক ক্ষেত্রে ২০০ কুয়েতি দিনার পর্যন্ত পৌঁছে গেছে, যা গত বছরের তুলনায় কয়েক গুণ বেশি। শুধু স্থানীয় ভেড়াই নয়, আমদানিকৃত বিভিন্ন জাতের পশুর দামও বেড়েছে, আর এর পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে আঞ্চলিক অস্থিরতা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকট। বাজারে এখন ভেড়া কিনতে গিয়ে অনেক পরিবারকেই আগের চেয়ে অনেক বেশি খরচ করতে হচ্ছে, বিশেষ করে যারা স্থানীয় জাতের পশু পছন্দ করেন তাদের জন্য বাজেট আরো বেড়ে গেছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, খামার থেকে বাজার পর্যন্ত পরিবহন, খাদ্য ও পরিচর্যার খরচও আগের তুলনায় অনেক বেশি, যার সরাসরি প্রভাব পড়ছে বিক্রয় মূল্যে। কুয়েতের বিভিন্ন পশুর বাজারে ইতোমধ্যেই ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং অনেক পরিবার ঈদের আগেই পশু বুকিং শুরু করেছে, যাতে শেষ মুহূর্তে দাম আরো না বেড়ে যায়। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ঈদ উপলক্ষে গাড়ি পার্কিংয়ে লাগবে না ফি

ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ডার্ব টোল ফি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বেশির ভাগ পাবলিক পার্কিংও ঈদের ছুটির সময় বিনামূল্যে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত আবুধাবির বিভিন্ন সড়কে ডার্ব টোল ফি মওকুফ থাকবে, ফলে এই সময় গাড়িচালকদের টোল পরিশোধ করতে হবে না। তবে আল কুরম ও ঘানতুত টোল গেটে আগের নিয়মেই ফি কার্যকর থাকবে এবং সেখানে প্রতি ক্রসিংয়ে চার দিরহাম করে দিতে হবে। এছাড়া মাওয়াকিফের আওতাধীন অধিকাংশ পাবলিক পার্কিং বিনামূল্যে থাকলেও মাল্টিস্টোরি পার্কিং ভবনগুলোতে স্বাভাবিক নিয়মে ফি চালু থাকবে। ঈদের ছুটিতে মানুষের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কিউ মোবিলিটি। একই সঙ্গে বিভিন্ন যানবাহন পরীক্ষা কেন্দ্র, লাইসেন্সিং অফিস ও গ্রাহকসেবা কেন্দ্রের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। কিছু কেন্দ্র ২৪ ঘণ্টা চালু থাকবে, আবার কিছু কেন্দ্র নির্ধারিত সময় অনুযায়ী সীমিত আকারে সেবা দেবে। 

Logo