জুনে পুনরায় চালু হচ্ছে কুয়েত বিমানবন্দরের টার্মিনাল-১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ আগামী ১ জুন থেকে পুনরায় চালু হচ্ছে। ২১ মে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আরব ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ধাপে ধাপে চালু করা হবে। মার্চের শুরুতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত টার্মিনালটির মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশনের প্রধান শেখ হামুদ মুবারক আল-সাবাহ জানিয়েছেন, ফ্লাইট পুনরায় চালুর কার্যক্রম ধাপে ধাপে এগোবে। প্রতিটি ধাপ অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মূল্যায়ন করা হবে, যাতে প্রযুক্তিগত ও কার্যক্রমগত প্রস্তুতি নিশ্চিত হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন থাকে এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকে। তিনি বলেন, টার্মিনাল–১ নতুন সাজে যাত্রীদের সেবা দিতে প্রস্তুত এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
২১ মে প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ টার্মিনালটি পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী শেখ আব্দুল্লাহ আলি আল-সালেম আল-সাবাহ ও সিভিল এভিয়েশনের প্রধান শেখ হামুদ। কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে হামলার পর থেকে সম্পন্ন হওয়া মেরামত ও আধুনিকায়ন কাজের বিস্তারিত তুলে ধরেন। তিনি বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম পরিকল্পনা, বিভিন্ন সংস্থার সমন্বয় এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রী জাতীয় কর্মীদের প্রশংসা করে বলেন, রেকর্ড সময়ে টার্মিনাল পুনরায় সচল করা একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি এটিকে দেশের জন্য অত্যন্ত জরুরি অবকাঠামো পুনরুদ্ধারের বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এ বছর হজ ফ্লাইট সূচি নিয়েও আলোচনা হয়।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ পুনরায় চালু হওয়া প্রবাসী যাত্রীদের জন্য স্বস্তির খবর। ধাপে ধাপে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীদের জন্য ভ্রমণ আরে সহজ হবে।
logo-1-1740906910.png)