Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে পহেলা বৈশাখ পালন করলেন প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:৪০

ওমানে পহেলা বৈশাখ পালন করলেন প্রবাসীরা

ওমানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। ওমানের বারকা এলাকায় আল সাওয়াদি ওয়াটার পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজন যেন ছোট্ট এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্য, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং বৈশাখী মেলার আবহ। বিভিন্ন স্টলে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্প ও সংস্কৃতির নানা দিক। প্রবাসের মাটিতে এমন আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে ওমানের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে মারা যাওয়া চার বাংলাদেশি প্রবাসীর স্মরণে শোক প্রকাশ ও দোয়া করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওমানে বসবাসরত বাংলাদেশিরা যেন দেশটির আইন মেনে চলেন এবং নিজেদের ঐক্য ধরে রাখেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা, কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। গান, নাচ, কবিতা এবং গ্রামীণ খেলাধুলার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা হয় বাংলা সংস্কৃতির সৌন্দর্য। আয়োজকরা বলছেন, শুধু আনন্দ আয়োজন নয়, বরং প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির বন্ধন ধরে রাখাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। 


Logo